শিরোপা জিতল গ্রিন ইউনিভার্সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তবিশ্ববিদ্যালয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গ্রিন ইউনিভার্সিটির খেলোয়াড়–কর্মকর্তারা l প্রথম আলো
আন্তবিশ্ববিদ্যালয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গ্রিন ইউনিভার্সিটির খেলোয়াড়–কর্মকর্তারা l প্রথম আলো

মঞ্চে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ (জিইউবি) দলের হাতে ডিআইইউ আন্তবিশ্ববিদ্যালয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০১৬-এর চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হচ্ছে। ব্যাকগ্রাউন্ডে বাজছে ডোয়াইন ব্রাভোর ‘চ্যাম্পিয়ন’ গানটি। সেই সঙ্গে মাইক্রোফোন হাতে জিইউবির এক শিক্ষার্থী গেয়ে উঠলেন ‘এভরিবডি নোস গ্রিন ইউনিভার্সিটি ইজ দ্য চ্যাম্পিয়ন’। তাতে গলা মেলালেন জিইউবি দলের সব খেলোয়াড় ও সমর্থক।
গতকাল ঢাকার আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনি-ভার্সিটির স্থায়ী প্রাঙ্গণে (ডিআইইউ) ‘ডিআইইউ আন্তবিশ্ববিদ্যালয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০১৬’-এর ফাইনাল খেলার বিজয়ী দলকে পুরস্কৃত করার মুহূর্তটি ছিল এ রকমই। এতে রানারআপ হয় ডিআইইউ। সকালে টুর্নামেন্টের উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় ডিআইইউকে ৮ উইকেটে হারায় জিইউবি। পুরো টুর্নামেন্টের সুশৃঙ্খল দল হিসেবে ‘ফেয়ার প্লে’ বিভাগে পুরস্কৃত করা হয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ দলকে।
এ ছাড়া ম্যান অব দ্য টুর্নামেন্ট ও সেরা ব্যাটসম্যানের পুরস্কার পান ডিআইইউর লিংকন। ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন জিইউবির সুমন। টুর্নামেন্টের সেরা বোলার হিসেবে পুরস্কার পেয়েছেন ডিআইইউর রাজু।
বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, ডিআইইউ বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান সবুর খান, উপাচার্য ইউসুফ এম ইসলাম, স্থায়ী চত্বরের পরিচালক মোস্তফা কামাল, টুর্নামেন্টের আহ্বায়ক এ বি এম কামাল পাশা, জিইউবির কোষাধ্যক্ষ, স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহসহ অনেকে।
এ সময় বীরেন শিকদার বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন। এটি একটি শুভ উদ্যোগ। ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশ এখন অবহেলিত নয়। এখানে বিকশিত হওয়ার সুযোগ আছে। ক্রীড়ার মাধ্যমে যুদ্ধ জয়ের চেয়ে বেশি সফলতা অর্জন করা সম্ভব।’
সবুর খান বলেন, ‘এ টুর্নামেন্টের মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আন্তসম্পর্ক, বন্ধুত্বপূর্ণ পরিবেশ ও যোগাযোগ আরও উন্নত হলো। এ চর্চা অব্যাহত থাকলে শিক্ষার্থীদের ভ্রাতৃত্ববোধ মজবুত হবে।’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিআইইউ স্টুডেন্ট অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান।
ডিআইইউ আন্তবিশ্ববিদ্যালয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসরে অংশগ্রহণ করে নয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও একটি বেসরকারি একাডেমির সমন্বয়ে গঠিত ১০টি দল। টুর্নামেন্ট শুরু হয় গত ২০ মে।