শিলং ও গুয়াহাটি পর্যন্ত বাস সার্ভিসে আগ্রহী বাংলাদেশ
ঢাকা-শিলং ও ঢাকা-গুয়াহাটি বাস সার্ভিস চালু করতে চায় বাংলাদেশ। এর পাশাপাশি খুলনা থেকে কলকাতা পর্যন্ত যাত্রীবাহী ট্রেন সার্ভিস চালুর চিন্তাভাবনাও রয়েছে। আগামী ডিসেম্বরে ঢাকা ও কলকাতার মধ্যে চালু হওয়া মৈত্রী এক্সপ্রেস নিয়ে দুই দেশের মধ্যে অনুষ্ঠেয় পর্যালোচনা বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে এমন প্রস্তাব তুলবে বাংলাদেশ।গতকাল রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে উপ-আঞ্চলিক সহযোগিতা-সংক্রান্ত বিশেষ কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। অর্থনীতিবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান এতে সভাপতিত্ব করেন। বৈঠকে বাণিজ্য, নৌ, পররাষ্ট্র, যোগাযোগ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।বৈঠকে ঢাকা-শিলং ও ঢাকা-গুয়াহাটি সড়কপথের বাংলাদেশ অংশের অবস্থা নিয়ে আলোচনা হয়। ওই দুটি বাস সার্ভিস চালু হলে প্রথমবারের মতো ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম (গুয়াহাটি) ও মেঘালয়ের (শিলং) সঙ্গে বাংলাদেশের সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। বর্তমানে ঢাকা থেকে কলকাতা ও আগরতলা পর্যন্ত বাস সার্ভিস চালু রয়েছে।বৈঠক সূত্র জানায়, নৌ প্রটোকলের আওতায় আশুগঞ্জ বন্দর হয়ে আখাউড়া যাওয়ার ভারতীয় পণ্যের পরীক্ষামূলক চালানসংক্রান্ত প্রতিবেদন বিশেষ কমিটির কাছে জমা দেওয়ার জন্য নৌ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। সুনির্দিষ্ট রুট চিহ্নিত করা, মাশুল আরোপসহ নৌপথে পূর্ণাঙ্গ ট্রানজিট-সুবিধা নিশ্চিত করতে একটি সমন্বিত প্রস্তাবনা তৈরির জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোকে বলা হয়েছে। বৈঠকে কাস্টমস বিভাগ প্রতি টন পণ্যে ৫৮০ টাকা মাশুল রাখার সুপারিশ করেছে।বৈঠকে পূর্ণাঙ্গ ট্রানজিট-সংক্রান্ত প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।