শিলংয়ের আদালতে হাজিরা দিলেন সালাহ উদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামিন পাওয়ার পর শিলংয়ের নিম্ন আদালতে গতকাল বুধবার প্রথমবারের মতো হাজিরা দিলেন বিএনপির নেতা সালাহ উদ্দিন আহমদ। জামিনের শর্ত হিসেবে তিনি গতকাল ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের আদালতে যান।
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের আইনজীবী এস পি মাহান্তা গতকাল সন্ধ্যায় শিলং থেকে প্রথম আলোকে মুঠোফোনে এ তথ্য জানান।
মেঘালয় রাজ্য না ছাড়ার শর্তে শিলংয়ের নিম্ন আদালতের বিচারক বি মৌরি ৫ জুন সালাহ উদ্দিনের জামিন মঞ্জুর করেন। জামিন দেওয়ার সময় বলা হয়েছিল, তাঁর বিরুদ্ধে শিলং পুলিশের আনা অনুপ্রবেশের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রতি সপ্তাহে তাঁকে আদালতে হাজিরা দিতে হবে।
শিলং পুলিশ ভারতের ফরেনারস অ্যাক্ট অনুযায়ী ৩ জুন সালাহ উদ্দিনের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলায় অভিযোগপত্র দেয়।
সুস্থ হয়ে ওঠায় গত সোমবার রাতে নেগ্রিমস ছেড়ে শিলংয়ের একটি কটেজে অবস্থান করছেন সালাহ উদ্দিন। তাঁর স্ত্রী হাসিনা আহমদ প্রথম আলোকে জানান, তাঁর স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য দুই সপ্তাহ পর হাসপাতালে নিতে চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন।
ঢাকার উত্তরা থেকে গত ১০ মার্চ নিখোঁজ হন সালাহ উদ্দিন। ১১ মে শিলংয়ে তাঁকে ঘুরতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।