শিলংয়ে বিজিবি বিএসএফ সম্মেলন শুরু
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে চার দিনের সম্মেলন গতকাল বুধবার শুরু হয়েছে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে। বিজিবির পক্ষ থেকে সীমান্তে বাংলাদেশিদের গুলি করে হত্যা ও মাদক পাচারের মতো বিষয় তোলা হবে।
গতকাল সকালে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম জাহিদ হাছানের নেতৃত্বে ২৩ সদস্যের প্রতিনিধিদল সম্মেলনে যোগ দিতে তামাবিল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। এ সময় ভারতীয় বাহিনীর প্রতিনিধিদল বিজিবি প্রতিনিধিদলকে স্বাগত জানায়। বিজিবি প্রতিনিধিদলে আরও আছেন দক্ষিণ-পূর্বাঞ্চলের আঞ্চলিক কমান্ডার ও অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আল মাসুম, উপমহাপরিচালক ও সিলেট সেক্টর কমান্ডার মো. আবদুল্লাহ আল-মামুন, বান্দরবানের সেক্টর কমান্ডার শাম্মি ফিরোজ, খাগড়াছড়ির সেক্টর কমান্ডার মো. মোয়াজ্জেম হোসেন, রাঙামাটির সেক্টর কমান্ডার মোহাম্মদ পাভেল আকরাম, গুইমারার সেক্টর কমান্ডার জাবেদ সুলতান, কুমিল্লার সেক্টর কমান্ডার গাজী মো. আহছানুজ্জামান, ময়মনসিংহের সেক্টর কমান্ডার কাজী অনিরুদ্ধ, শ্রীমঙ্গলের সেক্টর কমান্ডার মো. আশরাফুল ইসলাম প্রমুখ।
বিজিবির উপমহাপরিচালক ও সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মো. আবদুল্লাহ আল-মামুন প্রথম আলোকে বলেন, সম্মেলনে ফেনী নদীর পানি অবৈধভাবে নিষ্কাশন নিয়ে বিএসএফের কাছে জানতে চাইবে বিজিবি।