শিলংয়ে সালাহ উদ্দিনের বিরুদ্ধে মামলায় চিকিৎসকের সাক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালাহ উদ্দিন আহমদ
সালাহ উদ্দিন আহমদ

ভারতের শিলংয়ে বিএনপির নেতা সালাহ উদ্দিন আহমদের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলায় গতকাল বৃহস্পতিবার সাক্ষ্য দিয়েছেন তাঁর স্থানীয় চিকিৎসক ইউরোলজি বিশেষজ্ঞ স্টিফেন এল সায়লো। সাক্ষ্যে তিনি প্রায় নয় মাস ধরে শিলংয়ে অবস্থানরত বিএনপির যুগ্ম মহাসচিবের স্বাস্থ্য পরিস্থিতি সম্পর্কে বলেছেন।
শিলংয়ের জেলা ও দায়রা জজ আদালতে চলমান ওই মামলায় সরকারি কৌঁসুলি আই সি ঝা গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, গত বছরের ২০ মে শিলংয়ের সিভিল হাসপাতাল থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সবচেয়ে আধুনিক হাসপাতাল নেগ্রিমসে নেওয়া হলে সালাহ উদ্দিনের চিকিৎসার ভার নেন ইউরোলজি বিশেষজ্ঞ স্টিফেন এল সায়লো। ওই সময় থেকে এখন পর্যন্ত তিনি সালাহ উদ্দিন আহমদের শারীরিক অবস্থা কেমন দেখছেন, সে সম্পর্কে আদালতে ভাষ্য দেন।
আই সি ঝা বলেন, মুখ্য বিচারক কে এম লিংদো নংব্রির আদালতে গতকাল সকালে হওয়া শুনানিতে অন্য একজন চিকিৎসকেরও উপস্থিত থাকার কথা ছিল। তবে তিনি আসেননি। আদালত মামলার পরবর্তী শুনানির জন্য ১৪ মার্চ দিন ধার্য করেছেন।
বেশ কিছুদিন নিখোঁজ থাকার পর গত বছরের ১১ মে ভোরে শিলং গলফ লিংক এলাকা থেকে স্থানীয় লোকজনের ফোন পেয়ে টহল পুলিশ সালাহ উদ্দিন আহমদকে খুঁজে পায়। পরে মানসিক হাসপাতাল মিমহানস, সিভিল হাসপাতাল হয়ে তাঁকে পাঠানো হয় নেগ্রিমসে। শারীরিক অবস্থার অবনতির কারণে স্থানীয় আদালত তাঁকে জামিন দেন। শিলংয়ে খুঁজে পাওয়ার প্রায় আড়াই মাস পর ২৩ জুলাই অভিযোগ গঠনের মধ্য দিয়ে তাঁর বিরুদ্ধে অনুপ্রবেশের মামলার বিচারকাজ শুরু হয়। এ মামলায় তদন্ত কর্মকর্তা পি লামারেসহ মোট সাক্ষী ১১ জন। এঁদের মধ্যে ছয়জন চিকিত্সকও আছেন, যাঁরা শিলংয়ের বিভিন্ন হাসপাতালে সালাহ উদ্দিনের চিকিত্সা করেছেন।
ভারতের ফরেনার্স অ্যাক্ট, ১৯৪৬ এর ১৪ ধারায় সালাহ উদ্দিন আহমদের বিরুদ্ধে এই মামলার বিচার হচ্ছে। ওই ধারা অনুযায়ী কারও বিরুদ্ধে বিনা পাসপোর্টে ভারতে অনুপ্রবেশের অভিযোগ প্রমাণিত হলে তাঁর সর্বনিম্ন কয়েক দিন থেকে সর্বোচ্চ পাঁচ বছরের শাস্তির বিধান রয়েছে।
সালাহ উদ্দিন আহমদ বর্তমানে শিলংয়ের লাবান এলাকায় সানরাইজ গেস্টহাউসে অবস্থান করছেন। তিনি সম্প্রতি বিবিসি বাংলাকে বলেছেন, তাঁর শরীরের অবস্থা ভালো নয়। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর কিংবা তা না হলে ভারতের অন্য কোনো রাজ্যে যাওয়ার জন্য আবেদন করেছেন।