শিলছড়ি ছড়া থেকে পাথর উত্তোলন

রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের শিলছড়ি ছড়া থেকে চলছে পাথর উত্তোলন। এতে চলাচলের রাস্তা ও বসতবাড়ি ভেঙে যাচ্ছে।
চট্টগ্রাম-কাপ্তাই সড়ক থেকে প্রায় চার কিলোমিটার উত্তরে নুনছড়ি পাহাড় থেকে শিলছড়ি ছড়া এসে পড়েছে কর্ণফুলী নদীতে। ছড়ার
পূর্ব পাশে খাড়া পাহাড় আর পশ্চিম পাশে পাহাড়ের নিচে সামান্য সমতল স্থানে মহাজনপাড়া ও শিলছড়িপাড়া। এ দুই পাড়ায় ৬০ পরিবারের বসবাস।
গত শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা যায়, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাশে একটি যন্ত্র দিয়ে পাথর ভেঙে ট্রাকে তোলা হচ্ছে। সেখানে ১০-১২ জন শ্রমিক কাজ করছেন। সেখান থেকে ৪০০-৫০০ গজ দূরে ছড়ার পূর্ব দিকে পাহাড় ভেঙে কয়েকটি বাড়ি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ছড়ার পাশে বিভিন্ন স্থানে পাথর স্তূপ করে রাখা হয়েছে। আরও ভেতরে মহাজনপাড়ায় যাওয়ার সড়কটির বিভিন্ন অংশ ভেঙে গেছে। ছড়ার পশ্চিম পাশে মহাজনপাড়ার বেশ কিছু বসতবাড়ি রয়েছে। ছড়ার ভাঙন পাড়ার ৮ থেকে ১০ ফুটের কাছাকাছি এসে পড়েছে।
পাড়ার বাসিন্দা তপন মারমা বলেন, ‘ছড়া থেকে পাথর উত্তোলন করার কারণে প্রতিদিনই পাড় ভাঙছে। যারা পাথর নিয়ে যায়, তাদের আমরা বলি পাথর ডাকাত। কারণ, তারা বাধা দিলেও জোর করে নিয়ে যায়। কয়েক দিন ভারী বৃষ্টি হলেই ২০-২৫ জন শ্রমিক নিয়ে এসে ছড়া থেকে পাথর তোলা শুরু করে। কারও নিষেধ মানে না। আজ (শুক্রবার) সকালেও কমপক্ষে ২০ জন শ্রমিক এসে পাথর তুলে নিয়ে গেছে।’

শিলছড়ি এলাকার মো. শহীদ উল্ল্যা নামের এক ব্যক্তি বলেন, ‘ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান অংহা চিং মারমার আপত্তির পরিপ্রেক্ষিতে ইউএনও আমাদের মৌখিকভাবে পাথর তোলার ব্যাপারে নিষেধ করেন। তাই আমি আর পাথর তুলি না।’
পাথর ব্যবসায়ী মংচা চিং চৌধুরী বলেন, পাথরগুলো এমনিতে স্রোতে কর্ণফুলী নদীতে চলে যায়। সেগুলো তুলে ভেঙে রাখি। পরে ঠিকাদারেরা এসে নিয়ে যান।
মো. সাগর নামের এক ব্যক্তি বলেন, তিনি বিভিন্ন কাজের ঠিকাদারদের পাথর সরবরাহ করেন। তাঁদের চাহিদা অনুযায়ী ট্রাকে করে পাথর নিয়ে যান। তিনি বলেন, ছড়া থেকে পাথর তোলার ক্ষতিকর দিক সম্পর্কে তাঁর জানা নেই।
কাপ্তাইয়ের ইউএনও মো. তারিকুল আলম বলেন, ‘আমি একটা আবেদন পাওয়ার পরিপ্রেক্ষিতে পাথর উত্তোলনের ব্যাপারে নিষেধ করেছিলাম। নিজেও কয়েকবার ওই জায়গায় গেছি। কিন্তু কাউকে পাইনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’