শিলাইদহে কুঠিবাড়ি সংস্কারের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িসহ নানা স্থানে গতকাল রোববার অনুষ্ঠান হয়েছে। শিলাইদহে কুঠিবাড়ি সংস্কারের জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি দলকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয়।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় থেকে পাঠানো খবর:
কুষ্টিয়া: শিলাইদহে গতকাল থেকে তিন দিনের অনুষ্ঠান শুরু হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে কুঠিবাড়ির মূল মঞ্চে জাতীয় সংগীত পরিবেশন করে অনুষ্ঠান শুরু হয়। সেখানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ। বিশেষ অতিথির বক্তব্যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক আলতাফ হোসেন বলেন, কুঠিবাড়িটি অক্ষত রেখে কীভাবে সংস্কার করা যায়, সে জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি দলকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা রক্ষণাবেক্ষণের সুপারিশ পেশ করবে।
খুলনা: রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি খুলনার ফুলতলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স ও পিতৃভূমি খুলনার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে রবীন্দ্রস্মৃতি সংগ্রহশালায় তিন দিনব্যাপী রবীন্দ্র মেলা শুরু হয়েছে। দক্ষিণডিহিতে জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।
বরিশাল: গতকাল বিকেল সাড়ে চারটার দিকে নগরের উত্তর মল্লিক রোড উদীচী ভবনে উদীচীর আয়োজনে রবীন্দ্র আলোচনা, আবৃত্তি, সংগীত ও নৃত্যানুষ্ঠান হয়। সন্ধ্যায় অশ্বিনী কুমার হলে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ অনুষ্ঠানের আয়োজন করে।