শিলাবৃষ্টি ও ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদর ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় গতকাল বুধবার শিলাবৃষ্টি ও ঝড়ে বোরো ধান, মরিচ ও পাটখেতের ব্যাপক ক্ষতি হয়েছে।
নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়নের শিয়ালডাঙ্গী গ্রামের কৃষক মোকাররম হোসেন বলেন, গতকাল সকাল সাতটার দিকে হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রায় আধা ঘণ্টা স্থায়ী শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টিতে পাকা বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। পাটগাছের আগা ছিঁড়ে গেছে, পাশাপাশি শিলায় ক্ষতি হয়েছে মরিচখেতেরও।
নীলফামারী কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক গোলাম মোহাম্মদ ইদ্রিস বলেন, শিলাবৃষ্টি জেলা সদরের কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে হয়েছে। শিলায় ক্ষতি হওয়ার মতো মাঠে কোনো ফসল নেই। সে কারণে কৃষকের তেমন ক্ষতি হবে না।
এদিকে গতকাল সকালে কালবৈশাখীতে পীরগঞ্জ উপজেলায় উঠতি ফসল ও ফলের ব্যাপক ক্ষতি হয়েছে। সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত পীরগঞ্জের বিভিন্ন গ্রামের ওপর দিয়ে এ ঝড় বয়ে যায়।
উপজেলার থুমনিয়া গ্রামের রফিকুল ইসলাম বলেন, ‘গতকালের প্রবল বাতাসে আমার ব্রি-২৮ জাতের ছয় বিঘা জমির ধান মাটিতে শুয়ে গেছে। শুয়ে পড়া খেত থেকে এবার ভালো ফলন হবে না।’
জাবরহাট ইউনিয়নের সেত্রাপাড়া গ্রামের তোজাম্মল হোসেন বলেন, ‘ফুল বের হওয়া আমার তিন বিঘা জমির ধান মাটিতে শুয়ে গেছে। এগুলো থেকে অর্ধেকও ধান পাওয়া যাবে না।’ উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘বাতাসে ধান শুয়ে গেলেও পাকা ধানের ততটা ভয় নেই।’