শিলাবৃষ্টি কেড়ে নিল বৈশাখের বোরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিন পরই বৈশাখ মাসে বোরো ধান ঘরে ওঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন হবিগঞ্জের কৃষকেরা। অথচ মাত্র ২০ মিনিটের ঝড় ও শিলাবৃষ্টি তছনছ করে দিয়েছে সেই ফসল। জেলার প্রায় সাত হাজার হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার ভোরে হবিগঞ্জের বাহুবল, বানিয়াচং ও হবিগঞ্জ সদর উপজেলার ওপর দিয়ে ঝড় ও শিলাবৃষ্টি বয়ে যায়। ভোর চারটা থেকে প্রায় ২০ মিনিট স্থায়ী ছিল এ শিলাবৃষ্টি। এতে জেলার তিনটি উপজেলার প্রায় ৩৬টি গ্রামের সাত হাজার হেক্টর জমির বোরো ধান আক্রান্ত হয়। ঝরে পড়ে ছড়া থেকে ধানগুলো। অথচ কয়েক দিন পরই বৈশাখ মাসে এ ধান কৃষকের গোলায় ওঠানোর কথা ছিল।
সূত্র জানায়, চলতি মৌসুমে হবিগঞ্জ সদর উপজেলায় নয় হাজার ৭৬০ হেক্টর, বানিয়াচংয়ে তিন হাজার ৮৯৫ হেক্টর ও বাহুবল উপজেলায় সাত হাজার ৮৫ হেক্টর জমিতে বোরো বপন করা হয়। এ তিন উপজেলার মোট ২০ হাজার ৭৪০ হেক্টর জমির মধ্যে গতকালের ঝড়-শিলাবৃষ্টিতে আক্রান্ত হয়েছে তিন হাজার ৫৯৫ হেক্টর বোরো জমির ধান। বাহুবল উপজেলায় শস্য নষ্ট হয়েছে ৭১ হেক্টর জমির।
তবে বানিয়াচং উপজেলার মক্রমপুর গ্রামের কৃষক আবদুল খালেক বলেন, তাঁদের আশপাশের আটটি গ্রামেই প্রায় তিন হাজার হেক্টর জমির বোরো ধানের ক্ষতি হয়েছে। বাহুবল উপজেলার শিবপাশা গ্রামের কৃষক রশিদ মিয়া বলেন, তাঁদের এলাকার আট-দশটি গ্রামে এ শিলাবৃষ্টিতে তিন থেকে সাড়ে তিন হাজার হেক্টর জমির বোরোর ক্ষতি হয়েছে।
হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের কৃষক রফিক উল্লাহ বলেন, ‘আর কয়টা দিন সময় পেলেই ধান কাটা শুরু করতাম। কিন্তু শিলাবৃষ্টি ও ঝড়ের কারণে তা হাতছাড়া হয়ে গেছে।’ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যোগাযোগ করা হলে জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র হোড় বলেন, ‘আমরা তিনটি উপজেলায় তিন হাজার ৫৯৫ হেক্টর জমিতে আক্রান্তের খবর পেয়েছি। তবে টাকার হিসাবে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনো নির্ণয় করা যায়নি।’