শিলাবৃষ্টিতে ধান নষ্ট কষ্টে আছেন ১৫ গ্রামের দেড় সহস্রাধিক কৃষক
রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ১৫টি গ্রামের দেড় সহস্রাধিক কৃষক এবার বোরোর ভরা মৌসুমে অভাবে পড়েছেন। কারণ, বোরো চাষ করেও তাঁরা ফসল ঘরে তুলতে পারেননি। গত ১ মে শিলাবৃষ্টিতে উঠতি ধান খেতেই ঝরে নষ্ট হয়েছে। এ কারণে সংসার চালানো ও আমন আবাদ নিয়ে ওই কৃষকেরা দুশ্চিন্তায় আছেন। উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, শিলার আঘাতে ওই ইউনিয়নের ১৫টি গ্রামের দেড় সহস্রাধিক কৃষকের প্রায় ৬০০ হেক্টর জমির বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে অন্তত দুই কোটি টাকার ধান নষ্ট হয়ে গেছে। কৃষকেরা জানান, শত প্রতিকূলতার পরও এবার বোরোর বাম্পার ফলন হয়। ধান যখন পাকা শুরু হয়, ঠিক তখনই তাঁদের স্বপ্ন চুরমার করে দেয় আকসিঞ্চক শিলাবৃষ্টি। শেখপাড়া গ্রামের কৃষক হাবিবুর রহমান (৫০) বলেন, ‘ধান বেচেয়া সউগ খরচ চালাই। এবার এক মণ ধানও পাই নাই। খামো কী?’ ক্ষুদ্র কৃষক মোহসেন আলী বলেন, ‘ধান মারার আগে আল্লায় হামাক মারিল না ক্যান। নয় হাজার টাকা ধার নিয়া আবাদ করচেনো। এক ছটাক ধান নাই। ১৪-১৫ দিন থাকি ধারদেনা করি খাওচি। এইভাবে কয়দিন চলবে?’ মাল্লমপাড়া গ্রামের কৃষক শওকত হোসেন, আবদুর রহিম, রমেজা বেগম; বোর্ডেরহাটের কিসমত আলী, আবু বক্কর; বছরপাড়ার মিজানুর রহমান ও কোনাপাড়া গ্রামের ইদ্রিস আলীর ঘরে বোরোর ভরা মৌসুমে কোনো চাল নেই। তাঁরা জানান, এ কারণে অভাব-অনটনের মধ্যে পড়েছেন। গোপীনাথপুর ইউপির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘আমাদের চার ভাইয়ের ৭৫ বিঘা জমির ধান শিলায় সম্পূর্ণ নষ্ট হয়েছে। এবার ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘরে কোনো ধান নেই। তাঁরা পরিবার-পরিজন নিয়ে চলবেন কেমন করে; ভবিষ্যতে আবাদই বা করবেন কীভাবে, তা নিয়ে চিন্তায় দিন কাটাচ্ছেন।’এলাকাবাসী সূত্রে জানা যায়, শিলার আঘাতে বোরো ধান নষ্ট হওয়ায় গোপীনাথপুর ইউনিয়নের গোয়েন্দাপাড়া, শেখপাড়া, মাল্লমপাড়া, কবিরাজপাড়া, বোর্ডেরহাট, সরদারপাড়া, কোনাপাড়া, কাচারীপাড়া, কামারপাড়া, ডাঙাপাড়া, বছরপাড়া, হেলারচক, পাইকপাড়া, ফকিরপাড়া ও হাসিরপাড়া গ্রামের কৃষকেরা অভাব-অনটনের মধ্যে আছেন। বদরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ‘শিলায় ধান নষ্ট হওয়ায় ওই গ্রামগুলোর কৃষকদের কষ্ট হওয়া স্বাভাবিক। আমরা ওই ক্ষয়ক্ষতির বিবরণ সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছি।’