শিলাবৃষ্টিতে নষ্ট সড়কবাতি সন্ধ্যা নামলেই রাস্তায় ভয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের কদমতলীতে ঝুলে আছে একটি বিকল সড়কবাতি। এ রকম অসংখ্য সড়কবাতি এখন কাজে আসছে না l প্রথম আলো
সিলেটের কদমতলীতে ঝুলে আছে একটি বিকল সড়কবাতি। এ রকম অসংখ্য সড়কবাতি এখন কাজে আসছে না l প্রথম আলো

ঝড় ও শিলাবৃষ্টিতে বিকল হয়ে পড়েছে সিলেট নগরের প্রায় ২৫ শতাংশ সড়কবাতি। এর মধ্যে গত এক সপ্তাহে ৫ শতাংশ বাতি নতুন করে লাগানো হলেও বাকিগুলো এখনো সচল করা হয়নি। ফলে নগরের অধিকাংশ এলাকাই সন্ধ্যার পর অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। চৈত্র মাসের মাঝামাঝি থেকে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত একাধিক দিনের শিলাবৃষ্টিতে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
গত বুধবার রাতে সরেজমিনে দেখা গেছে, দাড়িয়াপাড়া, মির্জাজাঙ্গাল, জল্লারপাড়, তালতলা, কাজিরবাজার, বন্দরবাজার, শেখঘাট, পীরমহল্লা, জালালাবাদ, সুবিদবাজার, পাঠানটোলা করেরপাড়া, কালীবাড়ি, উপশহর, রায়নগর, দক্ষিণ সুরমাসহ অর্ধশতাধিক এলাকা ও পাড়া-মহল্লার বেশ কিছু সড়কবাতি বিকল হয়ে আছে। এতে অধিকাংশ স্থান অন্ধকারাচ্ছন্ন থাকছে।
কালীবাড়ি এলাকার সুনির্মল দাশ একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তিনি বলেন, সিলেটে এখন ঘন ঘন বজ্রপাতসহ ঝড়-বৃষ্টি হচ্ছে। এতে অনেক স্থানেই সড়কবাতি বিকল হয়ে পড়ে। সন্ধ্যার পর চলাফেরা করতে গিয়ে খুবই ভোগান্তি হয়। এ ছাড়া ছিনতাইয়ের ভয় তো আছেই।
ঘাসিটোলা এলাকার রিকশাচালক ফারুক মিয়া বলেন, অনেক গুরুত্বপূর্ণ সড়ক ও পাড়া-মহল্লায় সড়কবাতি নষ্ট হয়ে যাওয়ায় রিকশা চালাতে সমস্যা হয়। যাত্রীদের ছিনতাইয়ের ভয় পেয়ে বসে।
রায়নগরের গৃহিণী রহিমা আক্তার গতকাল দুপুরে বারুতখানা এলাকার একটি দোকানে কেনাকাটা করছিলেন। তিনি বলেন, ‘সড়কবাতি না থাকায় সন্ধ্যার পর অনেক এলাকা ঘুটঘুটে অন্ধকার থাকে। এ কারণে দিনের বেলাই প্রয়োজনীয় কাজ সেরে ফেলছি।’ জানতে চাইলে সিলেট সিটি করপোরেশনের প্রকৌশল শাখার এক কর্মকর্তা বলেন, প্রায় সাড়ে ১৭ হাজার চাহিদার বিপরীতে নগরে সড়কবাতি রয়েছে সাড়ে ১২ হাজার। এর মধ্যে চৈত্র মাসের মাঝামাঝি থেকে শুরু হওয়া ধারাবাহিক বৃষ্টিপাতে অন্তত ২৫ শতাংশ সড়কবাতি বিকল হয়ে গেছে। যদিও এর ৫ শতাংশ ইতিমধ্যে প্রতিস্থাপন করা হয়েছে।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, সাম্প্রতিক সময়ে নগরবাসীর ডাকাত-আতঙ্কের পরিপ্রেক্ষিতে এমনিতেই নগরের ছয় থানা এলাকায় অতিরিক্ত টহল পুলিশ মোতায়েন রয়েছে। অপরাধীদের যেকোনো অপতৎপরতা মোকাবিলায় পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, হঠাৎ দুর্যোগে অধিকাংশ বাতি বিকল হয়ে পড়েছে। বিকল বাতিগুলো অপসারণ করে নতুন বাতি লাগানোর কাজ শুরু হয়েছে। বন্ধ শেষে আগামী সোমবার থেকে পর্যায়ক্রমে বিকল বাতি সরিয়ে নতুন বাতি প্রতিস্থাপন করা হবে।