শিলাবৃষ্টিতে পাঁচ হাজার হেক্টরের ধান ক্ষতিগ্রস্ত
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার ১৫টি হাওরে গতকাল শনিবার বিকেলে শিলাবৃষ্টিতে প্রায় পাঁচ হাজার হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সোয়া ৪টা থেকে ঝোড়ো বাতাস ও শিলাবৃষ্টি শুরু হয় এবং তা আধা ঘণ্টা স্থায়ী হয়। এ সময় উপজেলার কাইলানী, ঘোড়াডুবা, শালদিঘা, বোয়ালিয়া, বাইনচাপড়া, নলুয়া, শৈলচাপড়া, হারিবন্দ, টগা, কাহালাবন, সোনামড়ল, কাইঞ্জা, সাতারিয়া-পাথারিয়া, সাসকা ও খুরছুবি হাওরে শিলাবৃষ্টিতে প্রায় পাঁচ হাজার হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়।
চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামের কৃষক মোস্তফা মিয়া (৭০) বলেন, ‘বোরো জমিত এই রহম হিল (শিলা) পড়তে আমি জীবনেও দেহি নাই।’ চামরদানী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রভাকর তালুকদার ও মধ্যনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল কাইয়ুম জানান, শিলাবৃষ্টিতে এ দুটি ইউনিয়নের আটটি হাওরের কয়েক শ হেক্টর জমির পাকা ধানের অর্ধেকই নষ্ট হয়ে গেছে।
উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, শিলাবৃষ্টিতে চার-পাঁচ হাজার হেক্টর জমির বোরো ধানের ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদ বলেন, শিলাবৃষ্টিতে এখানকার বেশ কয়েকটি হাওরের বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ নিরূপণের জন্য সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।