শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি
নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার চারটি ইউনিয়নে শিলাবৃষ্টিতে উঠতি পাকা বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। কোনো কোনো কৃষকের জমির ধান সম্পূর্ণ মাটির সঙ্গে মিশে গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে ওই শিলাবৃষ্টি হয়।
ইউনিয়ন পরিষদ (ইউপি) ও উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, দুটি উপজেলায় সকাল নয়টার দিকে মাঝারি ঝড় ও শিলাবৃষ্টি হয়। প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা এই বৃষ্টিতে কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের পাঁচটি গ্রাম ও দিলুরা কৈলাটি ইউনিয়নের তিনটি গ্রাম এবং দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের পাঁচটি গ্রাম ও বাকলজোড়া ইউনিয়নের চারটিসহ অন্যান্য গ্রামে পাকা বোরো ধানের ক্ষতি হয়। কোনো কোনো জমির ধান মাটির সঙ্গে মিশে যায়। এর মধ্যে নাজিরপুর ইউনিয়ন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বড়ইগঞ্জ গ্রামের বাসিন্দা তমাল সরকারের স্ত্রী সবিতা রানী সরকার বলেন, ‘আমরা ইবার ২৫ কাঠা (২০০ শতক) জমিতে ধান লাগাইছলাম। শিলে সব ধান নষ্ট হইয়া গেছে। এখন বাচ্চাদের লেখাপড়াসহ সংসার কিবায় চলব।’
কলমাকান্দা উপজেলা কৃষি কর্মকর্তা বিজয় কৃষ্ণ বিশ্বাস বলেন, নাজিরপুর ইউনিয়নের ২০০ হেক্টর বোরো খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৪০ হেক্টর সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আর দিলুরা কৈলাটি ইউনিয়নের ১০০ হেক্টর খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সম্পূর্ণ নষ্ট হয়েছে ৩৫ হেক্টর। দুর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক বলেন, উপজেলায় শিলাবৃষ্টিতে ফসলের সামান্য কিছু ক্ষতি হয়েছে।