শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালবৈশাখী আর শিলাবৃষ্টিতে সুনামগঞ্জের দিরাই উপজেলার ৬৫০ হেক্টর জমির বোরো ধানের ক্ষতি হয়েছে। এদিকে ঝড়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মেঘনা নদীতে ধানবোঝাই ১৭টি নৌকা ডুবে গেছে। গতকাল রোববার কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার দিবাগত রাতে কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে দিরাই উপজেলার করিমপুর, ভাটিপাড়া, রফিনগর, রাজানগর ও চরনারচর ইউনিয়নের পাঁচ-ছয়টি হাওরের বোরো ধানের ক্ষতি হয়েছে। সাকিতপুর হাওরপাড়ের কৃষক দবির মিয়া চৌধুরী বলেন, সাকিতপুর হাওরে তাঁর দুই একর পাকা ধান শিলাবৃষ্টিতে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। কৃষক শাহ আলম, আলী মিয়াসহ অনেকে জানান, কালবৈশাখীতে তাঁদের পাকা ধান নষ্ট হয়ে গেছে। বদলপুর হাওরপাড়ের কৃষক মো. কামাল হোসেন জানান, তাঁর চার একর ব্রি-২৯ ধান শিলাবৃষ্টিতে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তার মধ্যে স্থানীয় কৃষি কার্যালয়ের একটি এক একরের প্রদর্শনী প্লট রয়েছে। দিরাই উপজেলা কৃষি কর্মকর্তা মুহামঞ্চদ শফিকুর রহমান জানান, গতকালের শিলাবৃষ্টিতে দিরাইতে ৬৫০ হেক্টর পাকা ধান নষ্ট হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এদিকে কালবৈশাখীতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার মেঘনা নদীতে ধানবোঝাই ১৭টি নৌকা ডুবে গেছে। গতকাল রোববার ভোরে আশুগঞ্জ ধানের মোকামসংলগ্ন মেঘনা নদীর ঘাটে এই ঘটনা ঘটে। ব্যবসায়ীরা জানান, ডুবে যাওয়া নৌকাগুলোতে ৩০ টন করে মোট ৫১০ টন ধান ছিল। গতকাল দুপুর পর্যন্ত ডুবুরি দল ১৩টি নৌকার সন্ধান পায়। স্থানীয় অনেকে জানান, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও হবিগঞ্জের বিভিন্ন হাওরাঞ্চল থেকে ধান নিয়ে আসার পর নৌকাগুলো শনিবার বিকেলে আশুগঞ্জে মেঘনার ঘাটে নোঙর করে। রোববার ভোরে প্রচণ্ড ঝড় শুরু হয়। এতে নৌকাগুলো ডুবে যায়। মাঠে চলছে পাঠদান: গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি জানান, কালবৈশাখীতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম গোয়াইনঘাট আদর্শ দাখিল মাদ্রাসার দুটি টিনসেড ঘরের চাল উড়ে গেছে। ফলে দুই দিন ধরে মাঠে খোলা আকাশের নিচে পাঠদান চলছে। গতকাল সরেজমিনে দেখা যায়, মাদ্রাসার আড়াই শতাধিক শিক্ষার্থী খোলা আকাশের নিচে ক্লাস করছে। মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সদস্যরা জানান, মাদ্রাসার মাত্র ওই দুটি ঘরই ছিল। সেখানেই চলত প্রথম থেকে দশম শ্রেণীর পাঠদান। গত শুক্রবার ভোরে কালবৈশাখীতে দুটি ঘরের চালই উড়ে যায়। ফলে তারা বাধ্য হয়ে খোলা আকাশের নিচে শ্রেণীর কার্যক্রম চালাচ্ছেন। মাদ্রাসার সুপার আবদুস শাকুর জানান, নন-এমপিও মাদ্রাসাটি এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় চলছিল। কিন্তু ঝড়ে প্রতিষ্ঠানের দুটি ঘরের চাল উড়িয়ে নেওয়ায় তাঁরা বিপাকে পড়েছেন। গোয়াইনঘাট ইউএনও মোহামঞ্চদ আজিজুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত মাদ্রাসাটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।