শিলাবৃষ্টিতে স্থাপনাসহ ফসলের ব্যাপক ক্ষতি
কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের আটটি গ্রামে টিনের তৈরি দুই হাজারের বেশি স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে। শিলাবৃষ্টির ফলে ঝরে গেছে মাঠের আধা পাকা ধান ও গাছের আম। গত শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে।
বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার গজালিয়া ইউনিয়নের গজালিয়া বাজার, সোনাকান্দা, জোবাই, বিষেরখোলা, মাদারতলা, বটতলা ও সাহসপুর।
গজালিয়া বাজারের ব্যবসায়ী মেহেদী হাসান বলেন, বাজারের দোকানসহ ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর চাল টিনের। শিলাবৃষ্টিতে বাজারের এ ধরনের শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠানের চালের টিন ফুটো হয়ে গেছে। বৃষ্টির পানিতে মালপত্র ভিজে ব্যবসায়ীদের প্রচুর আর্থিক ক্ষতি হয়েছে।
বিষেরখোলা গ্রামের ইলিয়াস হোসেন দুলাল ও পূর্ব গজালিয়া গ্রামের যমুনা রানী বিশ্বাস বলেন, শিলায় টিনের চাল এমনভাবে ফুটো হয়েছে, যা মেরামত না করে সেখানে বসবাস করতে পারবেন না বলে জানান।
কচুয়ার ইউএনও কাজী মাহবুবুর রশিদ বলেন, শিলাবৃষ্টিতে গজালিয়া ইউনিয়নের আটটি গ্রামের টিনের তৈরি প্রায় ৮০ শতাংশ স্থাপনাই ক্ষতিগ্রস্ত হয়েছে। বসতবাড়ি ছাড়াও এর মধ্যে আছে শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও পুলিশ ফাঁড়ি।