শিলাবৃষ্টিতে ১০ হাজার হেক্টর জমির গম নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের রামনাথহাট পেরোলেই মণ্ডলাদাম গ্রাম। তার পরই বামনকুমার গ্রামের মাটির রাস্তা। রাস্তার দুই ধারে ফসলি জমি। ভেঙেপড়া ও শুকিয়ে বিবর্ণ হয়ে যাওয়া গাছগুলো কোন ফসলের, তা দূর থেকে বোঝার উপায় নেই। কাছে গেলেই গমগাছগুলো স্পষ্ট হয়ে ওঠে। জমিতে গরু-ছাগল চরে বেড়াচ্ছে। মাঠের নষ্ট হয়ে যাওয়া গমের খেতের দিকে একদৃষ্টে তাকিয়ে কী যেন ভাবছেন বৃদ্ধ সাইফুল ইসলাম (৫৫)। মুখে অনিশ্চয়তার ছাপ। কী হয়েছে, জানতে চাইলে দুই হাতে মুখ ঢেকে কেঁদে ওঠেন।কান্না থামলে মুখ তুলে সাইফুল ইসলাম জানান, চলতি মৌসুমে দুই বিঘা জমিতে গম চাষ করেছিলেন। আর মাস খানেক পরই ২৪-২৫ মণ গম পেতেন। গম বেচার টাকায় মেয়ের বিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু ১৬ ফেব্রুয়ারির ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টির নিচে চাপা পড়ে তাঁর স্বপ্ন। সেদিনের পর থেকে বাড়ির গরুগুলোকে নষ্ট হয়ে যাওয়া গমগাছগুলো খাওয়াতে নিয়ে আসেন তিনি। সাইফুলের মতো গম হারিয়ে নিঃস্ব হয়েছেন জেলার পাঁচ শতাধিক কৃষক। আর এতে নষ্ট হয়েছে জেলার ১০ হাজার হেক্টরেরও বেশি জমির গম।বালিয়াডাঙ্গী উপজেলার মোড়লপাড়া গ্রামের ফজিল উদ্দিন (৯০) বলেন, ‘মোর জীবনে এমন পাথর (শিলাবৃষ্টি) আর দেখুনি। একেকখান পাথরের ওজন হবে আধা সের। গ্রামের বেবাক খেতের গম পাথরের আঘাতে নষ্ট হয়ে গেইছে। মানুষজন এলা খেতের গম গরুক খিলাছে।’জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খায়রুল আলম জানান, জেলায় ৫৯ হাজার ২৮০ হেক্টর জমিতে গম আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আবাদ হয়েছিল তারও বেশি। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয় এক লাখ ৬৫ হাজার ৯৮৪ মেট্রিক টন। আর শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে ১০ হাজার ১৫০ হেক্টর জমির গম। ফলে চলতি মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করা আর সম্ভব হবে না। দেশে গমের ঘাটতি পড়বে।ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন বিষয়ে জেলা প্রশাসক মুহা. শহিদুজ্জামান বলেন, ক্ষতির পরিমাণ নিরূপণ করে মন্ত্রণালয়ে জানানো হয়েছে। মন্ত্রণালয় থেকে সাড়া পেলে পুনর্বাসনের কাজ শুরু হবে। তবে কৃষকদের যে পরিমাণ ক্ষতি হয়েছে, তা কখনোই পূরণ করা সম্ভব নয়।পঞ্চগড় প্রতিনিধি জানান, শিলাবৃষ্টিতে জেলার বিস্তীর্ণ এলাকার গম, আলু, টমেটো, বেগুন, মরিচ, আগাম আম, লিচু ও কাঁঠালের মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নে। কৃষি বিভাগের তথ্যানুযায়ী, শিলাবৃষ্টিতে ইউনিয়নের ২৩০ হেক্টর জমির গম সম্পূর্ণভাবে এবং ৪৩০ হেক্টর জমির আংশিক ক্ষতি হয়েছে। কৃষকেরা এখন গমের খেতে গরু-ছাগল চরাচ্ছেন।আটোয়ারীর ইউএনও মো. দেলোয়ার হোসেন বলেন, ‘ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার, রাধানগর ইউনিয়নের ডুংডুংগির হাট এবং বলরামপুর ইউনিয়নের রাণীগঞ্জ এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে গমের ক্ষতি হয়েছে বেশি।’আটোয়ারীর কৃষি কর্মকর্তা ষষ্টিচন্দ্র রায় জানান, কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠে আছেন। সেচ দেওয়ার সুযোগ রয়েছে, এমন জমিতে ধান লাগানোর পরামর্শ দেওয়া হচ্ছে, আর যেখানে সেচের সুযোগ নেই, সেখানে ডাল ও ভুট্টা চাষের পরামর্শ দেওয়া হচ্ছে।