শিলিগুড়ি কারাগারে ১৯ বাংলাদেশির অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাজার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও দেশে ফিরতে পারছে না পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার বিশেষ কারাগারে বন্দী ১৯ জন বাংলাদেশি। অবিলম্বে দেশে ফেরত পাঠানোর দাবিতে গত রোববার থেকে আমরণ অনশন শুরু করেছে তারা। ১৯ বন্দীর মধ্যে ১৬ জন পুরুষ ও তিনজন নারী। তিন নারীর সঙ্গে রয়েছে তিনটি শিশু।এসব বন্দীর বাড়ি লালমনিরহাট, গোপালগঞ্জ, কুড়িগ্রাম, নীলফামারী, নরসিংদী, নারায়ণগঞ্জ ও চুয়াডাঙ্গায়। দালালের খপ্পরে পড়ে তারা অবৈধভাবে ভারতে এসে গ্রেপ্তার হয়। তাদের সাজার মেয়াদ চার মাস থেকে দুই বছর আগে শেষ হয়েছে। কিন্তু দুই দেশের কূটনৈতিক জটিলতার কারণে কারাগার থেকে তাদের মুক্তি মিলছে না। এর আগে এই ১৯ জনসহ ৪৯ জন বাংলাদেশি বন্দী একই দাবিতে গত ২২ থেকে ২৯ মার্চ পর্যন্ত শিলিগুড়ি কারাগারে অনশন করে। পরে কারা কর্তৃপক্ষের আশ্বাসে তারা অনশন কর্মসূচি প্রত্যাহার করে নেয়। গত ৯ এপ্রিল ৪৯ জন বন্দীর ৩০ জনকে শিলিগুড়ির কাছে চ্যাংড়াবান্দা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।