শিল্প এলাকায় চাঁদাবাজির নিয়ন্ত্রণ রাখতে চায় ছাত্রলীগের দুই পক্ষই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের নাসিরাবাদ শিল্পাঞ্চল এলাকায় চাঁদাবাজি ও পাহাড় কাটা নিয়ে পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের দুই পক্ষে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব-সংঘাত চলছে। বিপুল অর্থের বিনিময়ে তাঁরা আশপাশের এলাকায় নির্বিঘ্নে পাহাড় কাটার সুযোগ করে দেন বলে অভিযোগ রয়েছে। ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে সর্বশেষ গত মঙ্গলবার ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ হয়।

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের এক পক্ষের নেতৃত্বে আছেন পলিটেকনিক শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) নাছিরউদ্দিন কুতুবী এবং সাবেক পাঠাগার সম্পাদক ও ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আবদুল্লাহ আল রুবেল। অন্য পক্ষের নেতৃত্ব দিচ্ছেন হেলাল উদ্দিন। কোনো পদে না থাকলেও দলে তিনি বেশ প্রভাবশালী। তাঁর অনুসারীরা মঙ্গলবার আবদুল্লাহকে কুপিয়ে জখম করার পর থেকে তিনি পলাতক। বন্ধ রয়েছে তাঁর মুঠোফোন। আবদুল্লাহ এখনো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নাসিরাবাদের শিল্প-কারখানা ও মালবাহী ট্রাক থেকে পলিটেকনিকের ছাত্রলীগ নেতাদের চাঁদা আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা নানা সময় ব্যবসায়ী ও পরিবহনশ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ পেয়েছি। পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র পরিচয় দিয়ে চাঁদা আদায় করতে সুবিধা। এ কারণেই ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের জন্য ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত চলছে।’ তিনি বলেন, চাঁদাবাজি ও মঙ্গলবার সংঘর্ষের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের বিবদমান দুই পক্ষের নেতাদের মধ্যে চাঁদাবাজির অভিযোগে মামলা রয়েছে। হেলাল উদ্দিনের বিরুদ্ধে খুলশী থানায় দুটি মামলা রয়েছে। আবদুল্লাহের ওপর হামলার অভিযোগে বায়েজিদ থানায় দায়ের করা মামলারও তিনি আসামি। তাঁর প্রতিপক্ষ হিসেবে পরিচিত ভিপি নাছির ও কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম হাসান পারভেজের বিরুদ্ধে খুলশী থানায় একটি করে মামলা রয়েছে। তবে হেলাল ও তাঁর অনুসারীরা পলাতক থাকায় এসব বিষয়ে তাঁদের কারও বক্তব্য পাওয়া যায়নি।

ভিপি নাছির অবশ্য দাবি করেন, হেলাল তাঁর বিরুদ্ধে মারামারির মামলা দিয়েছে। চাঁদাবাজি ও পাহাড় কাটার মতো কোনো অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা নেই, বরং হেলালের বিরুদ্ধে পলিটেকনিক এলাকায় একটি ব্যবসায়ী গোষ্ঠীর পক্ষে পাহাড় কাটার অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, পলিটেকনিক ক্যাম্পাস-সংলগ্ন নাসিরাবাদ শিল্পাঞ্চলে ৯০-৯৫টি ভারী ও মাঝারি শিল্প-কারখানা রয়েছে। এসব কারখানার মালামাল পরিবহনের জন্য প্রতিদিন শত শত ট্রাক আসা-যাওয়া করে। রাতে মালাবাহী ট্রাক থেকে চাঁদা আদায় করে পলিটেকনিকের কিছু ছাত্র। ট্রাকপ্রতি ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত আদায় করা হয়।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টির সভাপতি মাহবুবুল আলম বলেন, ছাত্র নামধারী কিছু দুর্বৃত্ত শিল্প-কারখানা ও মালবাহী ট্রাকে চাঁদা আদায়ের সঙ্গে জড়িত। নাসিরাবাদের ব্যবসায়ীরা নীরবে তাঁদের এই চাঁদাবাজি সহ্য করছেন। বিষয়টি পুলিশ প্রশাসনও জানে। ক্যাম্পাস যাঁদের নিয়ন্ত্রণে থাকে, ওই এলাকায় তাঁরাই চাঁদাবাজি করেন। দীর্ঘদিন ধরে এভাবে চলে আসছে।

ট্রাকচালক আবদুর রহমান প্রথম আলোকে বলেন, দিনে ট্রাক চালালে পুলিশকে চাঁদা দিতে হয়। রাতে চালালে দিতে হয় পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদের। ছাত্ররা ট্রাকপ্রতি ২০০-৫০০ টাকা চাঁদা আদায় করেন। চাঁদা না দিলে কিল-ঘুষি জোটে। ট্রাকের চাবিও কেড়ে নেন।

পলিটেকনিকের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ক্যাম্পাসের অদূরে মোজাফফর নগর এবং টেক্সটাইল এলাকায় আবাসিক প্লট কিংবা কলোনি করে ভাড়া দেওয়ার পর প্রায়ই রাতে পাহাড় কাটা হয়। এর সঙ্গে পলিটেকনিকের ক্ষমতাসীন দলের কিছু ছাত্রনেতা জড়িত।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী বলেন, একটি চক্র তাঁর মালিকানাধীন একটি ছোট পাহাড় কাটতে পলিটেকনিকের ছাত্রলীগের একটি পক্ষকে এক লাখ টাকা দেয়। তবে তিনি আইনের আশ্রয় নিয়ে তাদের ঠেকান। তিনি বলেন, এভাবে অনেকে আবার নিজের পাহাড় কাটা নির্বিঘ্ন করতে এদের ব্যবহার করে।

ভিপি নাছির ও তাঁদের পক্ষের বলে পরিচিত পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচ এম হাসান পারভেজ বলেন, শিল্প-কারখানা ও পরিবহনশ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজি ও অর্থের বিনিময়ে আশপাশের এলাকায় পাহাড় কাটায় সহযোগিতা করা নতুন কিছু নয়। পলিটেকনিক ছাত্রলীগের নাম ব্যবহার করে দুর্বৃত্তরা এসব অপকর্ম করছে। আর এর নেতৃত্ব দেন হেলাল। পারভেজ দাবি করেন, তিনি বা তাঁদের পক্ষের কেউই চাঁদাবাজি বা পাহাড় কাটার সঙ্গে জড়িত নন।