শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে নতুন দুই সচিব নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে শিল্পসচিব পদে বেসরকারীকরণ কমিশনের সদস্য মো. মোশাররফ হোসেন ভূইয়াকে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে শিল্পসচিব মইনউদ্দীন মোহাম্মদ আবদুল্লাহকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে আদেশ জারি করেছে। গৃহায়ণ ও গণপূর্তসচিব গোলাম রব্বানী ২৬ অক্টোবর অবসর-উত্তর ছুটিতে যাচ্ছেন।
আরেক আদেশে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ফখরুল ইসলামকে বেসরকারীকরণ কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। আর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক পবন চৌধুরীকে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে ইংরেজি দৈনিক নিউ এজ-এর চিফ এডিটর (ডিপ্লোমেটিক অ্যান্ড পলিটিক্যাল অ্যাফেয়ার্স) শামীম আহমদকে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (প্রেস) পদে দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।