আমদানিনির্ভর ব্যবসায় পণ্যের মান ঠিক রাখতে হবে। পণ্যের গুণগত মান নিয়ে দক্ষতা ও যোগ্যতার প্রমাণ দিতে হবে। তবেই বিশ্ব মান বজায় রাখা যাবে এবং বিশ্বায়নের সঙ্গে পাল্লা দেওয়া সম্ভব হবে। আর এ ক্ষেত্রে শিল্প ও ভোক্তাবান্ধব উদ্যোগ নিতে হবে বিএসটিআইকে। গতকাল রোববার ৪৩তম বিশ্ব মান দিবস উপলক্ষে সকালে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। এর আয়োজন করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটশন (বিএসটিআই) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. শামছুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এস এম নাজের হোসেন। সভাপতিত্ব করেন চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় প্রধান ও বিএসটিআইয়ের উপপরিচালক প্রকৌশলী এস এম ইসহাক আলী। স্বাগত বক্তব্য দেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের রসায়ন শাখার উপপরিচালক পংকজ কুমার কুণ্ড। বক্তব্য দেন ক্যাবের সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার। পরে মুক্ত আলোচনায় অংশ নেন বিসিএসআইআরের (বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ) ভারপ্রাপ্ত পরিচালক আবুল হোসেন, চিটাগাং ড্রিঙ্কিং ওয়াটার অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মনসুর আহমেদ, সাধারণ সম্পাদক গৌতম কান্তি চন্দ, নেসলে বাংলাদেশ লিমিটেডের আঞ্চলিক বিপণন ব্যবস্থাপক হামিদুর রহমান, বিএসপি ফুড প্রোডাক্টস (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অজিত কুমার দাশ, চট্টগ্রাম বেকারি মালিক সমিতির সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।