সাভারের আশুলিয়া থানায় ঝুকি জাংগল খাল ও সংলগ্ন জলাশয় বেআইনিভাবে ভরাট করায় একটি প্রস্তাবিত তৈরি পোশাকশিল্প প্রকল্পের মালিককে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী নদী ও জলাশয় রক্ষাবিষয়ক বিশেষ অভিযানের আওতায় প্রকল্পের মালিককে দণ্ডিত করেন। আগামী ১৫ নভেম্বরের মধ্যে ভরাট করা স্থান থেকে মাটি অপসারণ করার নির্দেশ দেয় পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার অধিদপ্তরের একটি দল এলাকায় গিয়ে প্রকল্পের কর্মচারীদের বংশী নদ থেকে ড্রেজিং পাইপ লাগিয়ে জলাশয় ভরাট করতে দেখে। অভিযানে এ তথ্য বেরিয়ে আসে যে ভরাট করা ৩৮ শতক ভূমি অর্পিত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত। স্থানীয় ভূমি কার্যালয় এ তথ্য নিশ্চিত করে। জলাশয় ভরাটের ফলে সংলগ্ন ঝুকি জাংগল খালটির অস্তিত্ব বিলুপ্ত হতে চলেছে। এ কারণে ভরাট করা অর্পিত সম্পত্তি অবৈধ দখলমুক্ত করতে ঢাকার জেলা প্রশাসককে চিঠি দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশ আইন লঙ্ঘন করে সাভার এলাকায় বেপরোয়াভাবে খালবিল-জলাশয় ভরাট বন্ধে চলতি সপ্তাহে দুটি পৃথক অভিযানে তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।