শিল্প, বাণিজ্যিক ও আবাসিক এলাকা হচ্ছে তেজগাঁও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকাকে একই সঙ্গে শিল্প, বাণিজ্যিক ও আবাসিক এলাকায় রূপান্তরের প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে এ এলাকায় ভারী শিল্প বা শ্রমঘন শিল্পপ্রতিষ্ঠান থাকতে পারবে না।
গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, আগে একটি মহাপরিকল্পনা নেওয়া হবে। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি এই মহাপরিকল্পনা পর্যালোচনা করে তা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবে।
গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, আগামী এক মাসের মধ্যে তাঁরা প্রধানমন্ত্রীর কাছে কর্মপরিকল্পনা জমা দেবেন।
মন্ত্রিপরিষদ সচিব আারও জানান, নবম সংসদের এই মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি তেজগাঁও শিল্পাঞ্চলের প্রধান সড়কসহ অন্য সড়কের পাশের প্লটগুলোকে শিল্পের পাশাপাশি বাণিজ্যিক প্লটে রূপান্তরের সুপারিশ করে। ওই সুপারিশসহ স্থানীয় সাংসদ ও তেজগাঁও শিল্প মালিক কল্যাণ সমিতির আবেদন পর্যালোচনা করতে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর নেতৃত্বে সাত সদস্যের কমিটি করা হয়। কমিটির সুপারিশসহ আরও একটি কমিটির মতামত নিয়ে ১৩ শর্তে এই শিল্পাঞ্চলকে শিল্পের পাশাপাশি বাণিজ্যিক এলাকা ঘোষণার জন্য মন্ত্রিসভার সিদ্ধান্ত চায় পূর্ত মন্ত্রণালয়। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তেজগাঁও শিল্পাঞ্চলে ভারী ও শ্রমঘন শিল্পকারখানা থাকবে না।
সচিব জানান, রূপান্তরিত এলাকায় কতটুকু আবাসিক এলাকা হবে, সেটা মহাপরিকল্পনায় থাকবে। ঢাকার জলাশয় রক্ষায় তৈরি বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টিও দেখা হবে।
পঞ্চাশের দশকে জমি অধিগ্রহণ করে ৫০০ একর ২০ শতাংশ জায়গার ওপর তেজগাঁও শিল্পাঞ্চল গড়ে তোলা হয়। সেখানে বর্তমানে ৪৩০টি প্লট থাকলেও ভারী শিল্পপ্রতিষ্ঠান নেই। পরিবর্তনশীল অবস্থার প্রেক্ষাপটে ১৯৯৮ সালে তেজগাঁও-গুলশান সংযোগ সড়ককে ‘বাণিজ্যিক সড়ক’ ঘোষণা করে সরকার।
বৈঠকে ভিসা অব্যাহতি চুক্তি অনুসমর্থনের একটি প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। এতে ভিসা ছাড়াই সরকারি কর্মকর্তা ও কূটনীতিকেরা ফিলিপাইনে যেতে পারবেন। এ ছাড়া মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসটি (২৬ জুন) ‘গ’ শ্রেণি থেকে ‘খ’ শ্রেণিতে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।