শিল্প-মালিকদের অর্থে টঙ্গী বিসিক সড়কের সংস্কারকাজ শুরু
তিন দশকেরও বেশি সময় জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা টঙ্গী বিসিক শিল্পনগরীর প্রধান সড়ক ও ড্রেনের সংস্কারকাজ শুরু হয়েছে। গত শুক্রবার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নোমান গ্রুপের চেয়ারম্যান মো. নূরুল ইসলাম। বিসিক এলাকার শিল্প-মালিকদের আর্থিক সহায়তায় সড়ক ও ড্রেনের এ সংস্কারকাজ হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, প্রাথমিক পর্যায়ে চার কোটি টাকার কাজ হবে। দুই মাসের মধ্যে এ কাজ শেষ হবে। বিসিকের তহবিল না থাকায় গুরুত্বপূর্ণ এ সড়ক এত দিন সংস্কারবিহীন ছিল। টঙ্গী বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি সাবেক সাংসদ সৈয়দ মকবুল হোসেনের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল। বক্তব্য দেন টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্লা খান, শ্রমিকনেতা মো. মতিউর রহমান, আবদুল কদ্দুস, সাংবাদিক সৈয়দ আতিক, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আসাদুর রহমান ও ইসমাইল হোসেন। অনুষ্ঠানের আয়োজকেরা জানান, বাজেটের দুই-তৃতীয়াংশেরও বেশি ব্যয় বহন করছে নোমান গ্রুপ।