শিল্প রক্ষায় কমিটি গঠনের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকারখানা রক্ষায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকাবাসী গতকাল শুক্রবার একটি সভা করেছে। সভায় শিল্পকারখানা রক্ষায় ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় গত কয়েক দিন শ্রমিক বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় এলাকার প্রায় ২০টি কারখানা কর্তৃপক্ষ গত বৃহস্পতিবার থেকে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
এলাকাবাসী জানান, শ্রমিক বিক্ষোভের কারণে এলাকার সাধারণ ব্যবসায়ী ও এলাকাবাসী নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। তাই শিল্পকারখানার রক্ষার দাবিতে তাঁরা গতকাল সকালে চন্দ্রা পল্লী বিদ্যুৎ দেওয়ান টাওয়ারের নিচে একটি সভা করেন। সভায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী দেওয়ান মোয়াজ্জেম হোসেন।
সভায় বক্তব্য দেন কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুর রহমান, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক, গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক জাকির হোসেন, ব্যবসায়ী রকিব উদ্দিন দেওয়ান, রিজভী আহামেঞ্চদ প্রমুখ।
ওসি ওমর ফারুক বলেন, কমিটির সদস্যরা বিভিন্ন কারখানার সামনে অবস্থান করবেন। কারখানায় কোনো ঘটনা ঘটলেই পুলিশে খবর দেবেন। পুলিশ দ্রুত সেখানে ব্যবস্থা নেবে।
ইউএনও হাবিবুর রহমান বলেন, শিল্পকারখানা রক্ষায় পুলিশের পাশাপাশি এলাকাবাসী সহযোগিতা করলে শ্রমিকদের সংহিসতা সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।