শিল্পকর্মে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁও সদর উপজেলার মলিনী পল্লিতে গিদরী বাউলি ফাউন্ডেশন অব আর্টস নামের একটি সংগঠনের চিত্র কর্মশালায় আঁকা ছবিগুলো ঘুরে দেখছেন পল্লির মানুষ। গতকাল তোলা ছবি l প্রথম আলো
ঠাকুরগাঁও সদর উপজেলার মলিনী পল্লিতে গিদরী বাউলি ফাউন্ডেশন অব আর্টস নামের একটি সংগঠনের চিত্র কর্মশালায় আঁকা ছবিগুলো ঘুরে দেখছেন পল্লির মানুষ। গতকাল তোলা ছবি l প্রথম আলো

ঝকঝকে-তকতকে করে লেপাপোঁছা মাটির দেয়াল। দেয়ালে দেয়ালে আঁকা চিত্রকর্ম। চিত্রগুলো ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনের। আর তা ঘুরে ঘুরে উপভোগ করছে গ্রামের মানুষ। এ চিত্র ঠাকুরগাঁও সদর উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী পল্লি মলিনী গ্রামের।
গিদরী বাউলি ফাউন্ডেশন অব আর্টস নামে একটি শিল্পকর্ম সংগঠনের চিত্রকর্মশালায় এসব চিত্র আঁকা হয়েছে। শিল্পকর্মগুলো গতকাল শুক্রবার স্থানীয় মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
গিদরী বাউলি সূত্রে জানা গেছে, মূলধারার শিল্পী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীদের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ২০০১ সালে গিদরী বাউলি ফাউন্ডেশন অব আর্টস যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সমকালীন শিল্পী এবং ঠাকুরগাঁওয়ের স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিল্পীদের মধ্যে যৌথ শিল্পকর্মশালার আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় ১২ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার ওই পল্লিতে আয়োজন করা হয় এনভায়রনমেন্টাল আর্টস কর্মশালা। কর্মশালায় ফাউন্ডেশনের পাঁচ শিল্পী অংশ নেন।
গতকাল দুপুরে ওই পল্লিতে গিয়ে দেখা গেছে, আয়োজনকে ঘিরে ক্ষুদ্র নৃগোষ্ঠী নারী-পুরুষদের মধ্যে উৎসবের আমেজ। তাঁরা নেচে-গেয়ে শিল্পকর্মের প্রদর্শনী উদ্যাপন করছেন। খবর পেয়ে প্রদর্শনী উপভোগে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসও উপস্থিত হন।
জেলা প্রশাসক বলেন, কর্মশালা আয়োজন করে তৃণমূলের মানুষের শিল্পীমন জাগিয়ে তুলে অনেক বড় কিছু অর্জন করা সম্ভব। পরে তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠী সিধু-কানু-চান্দদের স্মরণে ‘লাহাদিন তাইওম্রেনা খুন্টি’ নামে স্মৃতিসৌধটির স্থায়ী অবকাঠামোর জন্য অনুদানের ঘোষণা দেন।