শিল্পকলা একাডেমিতে পিঠা উৎসব শুক্রবার থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শিল্পকলা একাডেমির কফি হাউসে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে জাতীয় পিঠা উৎসব। আট দিন ব্যাপী এই উৎসব চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত নানা ধরনের পিঠা তৈরি, প্রদর্শন ও বিক্রি করা হবে উৎসবে। 

আজ মঙ্গলবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ ও কফি হাউসের সার্বিক তত্ত্বাবধানে প্রতিবারের মতো এবারও পিঠা উৎসবের প্রস্তুতি নেওয়া হয়েছে। উৎসবে ৪০ টির বেশি স্টলে পিঠা তৈরি, প্রদর্শন ও বিক্রি করা হবে। এ ছাড়া উৎসবে অংশগ্রহণকারী পিঠাশিল্পীদের পাঁচজনকে সেরা পিঠাশিল্পী সম্মাননা স্মারক দেওয়া হবে।
বক্তারা বলেন, প্রতিদিন বিকেল চারটা থেকে উৎসব মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে নাটক, গান, আবৃত্তি, নৃত্য, কৌতুক ও জাদু ইত্যাদি পরিবেশন করা হবে। এ ছাড়া থাকবে লালনগীতি, হাসান রাজা, শাহ আবদুল করিম, রাধারমন ও ভাওয়াইয়াসহ বিভিন্ন লোকসংগীত।
দেশে পারিবারিক, সামাজিক ও ধর্মীয় উৎসবে পিঠার প্রচলন অনেক পুরোনো। দেশের মানুষের হৃদয়ে পিঠা তৈরি এক অনন্য শিল্পরূপ লাভ করেছে। কিন্তু প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে গড়ে উঠেছে ফাস্ট ফুডের দোকান। ফলে শিশু-কিশোরদের ঘরের খাবারের চেয়ে ফাস্ট ফুডের দিকে অনেক বেশি আগ্রহ থাকে। অথচ পিঠাই অনেক বেশি সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত। এসব কথা মাথায় রেখে এই উৎসবের আয়োজন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদের সভাপতি ম হামিদের সভাপতিত্বে ও গীতিকার শহীদুল্লাহ ফরায়েজীর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম লিখিত বক্তব্য পড়েন।