শিল্পকলা একাডেমীতে নাগরিক অধিকার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চাই অধিকার, হব দায়িত্বে সচেতন’—স্লোগানকে নিয়ে দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনের ‘নাগরিক অধিকার মেলা’। শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে আয়োজিত এই মেলায় নাগরিক মানবাধিকার, উন্নয়ন, পরিবেশ ও অধিকার নিয়ে কাজ করছে এমন ৫৭টি সংগঠন অংশ নিয়েছে। আজ শনিবার সন্ধ্যায় মেলা শেষ হবে। ব্র্যাক ব্যাংক ও কাজী ফার্মের সহায়তায় নাগরিক অধিকার মেলা আয়োজক কমিটির উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।গতকাল শুক্রবার সকালে মেলার উদ্বোধন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান। মেলায় আইন ও অধিকার নিয়ে বিভিন্ন সংগঠনের প্রকাশনা ও শ্রমজীবী মানুষের তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা আছে। এর পাশাপাশি একটি মঞ্চে নাচ, গান ও নাটিকার মাধ্যমে শোষিত মানুষদের বঞ্চনা, সংগ্রাম আর স্বপ্নের কথা ফুটিয়ে তোলার আয়োজন আছে।আনুষ্ঠানিক উদ্বোধনের পর ঢাক ও ঢোল বাজিয়ে উপস্থিত দর্শকদের স্বাগত জানানো হয় আয়োজকদের পক্ষ থেকে। কক্সবাজার থেকে আসা ব্র্যাক কিশোরী ক্লাবের আদিবাসী সদস্যরা এ সময় নাচ পরিবেশন করে।মেলার আয়োজকেরা বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষ কীভাবে মানুষের অধিকার আদায়ে কাজ করছে, এই মেলায় তা তুলে ধরার চেষ্টা করা হবে। নাগরিকের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাওয়া সংগঠনগুলো যাতে একটি কার্যকর নেটওয়ার্ক গড়ে তুলতে পারে—এটা এই মেলার একটি অন্যতম লক্ষ্য।বিচারপতি হাবিবুর রহমান বলেন, গত ৩৮ বছরে নানা মানবিক ও প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে বাংলাদেশ যে অগ্রগতি লাভ করেছে, বিশ্বের মানুষের কাছে তা ঈর্ষণীয়। প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, প্রধান তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা নারী। তবে এখনো এখানে সালিসের নামে মেয়েদের নির্যাতন করা হয়, তাদের ওপর এসিড ছুড়ে মারা হয়। এগুলো রুখতে হবে।ব্র্যাকের চেয়ারম্যান ফজলে হাসান আবেদ ঘোষণা দেন, নাগরিক অধিকার নিশ্চিত করতে ব্র্যাক এখন থেকে জনস্বার্থে মামলা করবে।অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, নারীর অধিকার, ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়েছি। তবে সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়াতে এখন পর্যন্ত তেমন কিছু করতে পারিনি।