শিল্পকলায় চলছে জাতীয় পিঠা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরম তেলের ছ্যাঁত ছ্যাঁত শব্দ, ভাজা হচ্ছে তেলের পিঠা। দুধ-চিতই, মুগ পাকন, বিবিখানা, চাপড়িসহ নানা স্বাদের পিঠা সাজানো আছে টেবিলে। সঙ্গে মাইকে বাজছে গান ‘বারো মাসে তেরো পার্বণ মুখর বাংলাদেশ, ঢুঁ মেরে যাও পিঠা মেলায় রাইখো মনে রেশ।’
জাতীয় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চলছে দশম জাতীয় পিঠা উৎসব–১৪২৩। সাত দিনের এই উৎসবের গতকাল ছিল তৃতীয় দিন।
হলুদ-লাল-বেগুনি রঙের ঝালরে সেজেছে উৎসব প্রাঙ্গণ। পিঠার দোকানের সংখ্যা অর্ধশতাধিক। বিক্রমপুর বাহারি পিঠাঘর, ডেমরা গ্রামীণ পিঠাঘর, বরিশাল পিঠাঘর, পিঠাবিলাস কিশোরগঞ্জ—বিভিন্ন অঞ্চলের নামে একেকটা পিঠার দোকানের নাম। দাম ১০ থেকে ৫০ টাকা। চ্যাপা শুঁটকির পুর দেওয়া শুঁটকি পিঠা বা ভাপে বানানো কলার হাঁড়ি পিঠার মতো কিছু আঞ্চলিক পিঠাও পাওয়া যাচ্ছে মেলায়। আবার লেটুস পিঠা, চিকেন পিঠা, ভাপানো সবজির পিঠার মতো কিছু শহুরে গোছের পিঠাও চোখে পড়ে। পিঠার সঙ্গে উৎসব-মঞ্চে বিকেল চারটা থেকে দর্শনার্থীদের জন্য চলে সাংস্কৃতিক আয়োজন।
যাত্রাবাড়ী থেকে স্ত্রী-সন্তানদের নিয়ে পিঠা উৎসবে এসেছিলেন মো. শাহজাহান। বললেন, শহরের একঘেয়ে জীবনে এ ধরনের আয়োজনগুলো বেশ আনন্দ দেয়।
২০০৮ সাল থেকে প্রতিবছর এই পিঠা উৎসবের আয়োজন করে আসছে জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদ। উৎসব চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত বেলা তিনটা থেকে রাত নয়টা।