শিল্পকলার আয়োজনে দেশজুড়ে বঙ্গবন্ধুর জন্মদিন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার দেশব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
আজ সকালে রাজধানীতে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দেশের প্রতি জেলা ও উপজেলায় ‘ধন্য মুজিব ধন্য, বাংলা মায়ের মুক্তি এল এমন ছেলের জন্য’ শীর্ষক অনুষ্ঠান শুরু হয়। পরে সেগুনবাগিচার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে মহাপরিচালক লিয়াকত আলী এবং একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী শুভেচ্ছা বক্তব্য দেন । উদ্বোধনের পর জাতীয় চিত্রশালা প্লাজাসহ দেশের সব জেলা ও উপজেলায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার পর হয় শিশুদের মেলা। একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ পর্বে ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সমবেত নৃত্য, একাডেমির অ্যাক্রোবেটিক দলের পরিবেশনায় অ্যাক্রোবেটিক প্রদর্শনী।
বিকেলে একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠানের ২য় পর্বে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নিয়ামত আলীর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার। এ পর্বের অনুষ্ঠানক্রমে ছিল পুতুল নাট্য, মূকাভিনয়, অটিস্টিক শিশুদের পরিবেশনা, শিশু বিদ্যালয়ের পরিবেশনা এবং শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শনী। এ ছাড়া ছিল সমবেত নৃত্য, সমবেত সংগীত একক সংগীত, আবৃত্তি এবং পিপলস লিটল থিয়েটারের পরিবেশনায় গানের সঙ্গে কোরিওগ্রাফি।