শিল্পকলার ডিজি লিয়াকত আলীর বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ, অনুসন্ধান করবে দুদক
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার দুদকের এ সিদ্ধান্তের কথা প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক প্রথম আলোকে নিশ্চিত করেন।
দুদক সূত্র জানায়, লিয়াকত আলীর বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও ক্ষমতা অপব্যবহারের অভিযোগ অনুসন্ধান করার সিদ্ধান্ত দুদকের প্রধান কার্যালয় থেকে নেওয়া হয়। সংস্থার উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিমকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আরিফ সাদেক প্রথম আলোকে বলেন, ‘এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো কাগজপত্র দেওয়া হয়নি। যেহেতু কেবল অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে, এর আগে তো কিছু বলা যাবে না। আমাকে কোনো চিঠির মাধ্যমে জানানো হয়নি। দুদকের মহাপরিচালক মহোদয়ের কাছ থেকে শুনেছি।’
কবেকার সভায় লিয়াকত আলীর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়েছে, সে সম্পর্কে নিশ্চিত করে জানাতে পারেননি আরিফ সাদেক। তবে তিনি বলেন, ‘আর্থিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এ অনুসন্ধান করার সিদ্ধান্ত হয়েছে।’
বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় সংস্কৃতি কেন্দ্র হিসেবে পরিচিতি। এটি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান। এক যুগ ধরে প্রতিষ্ঠানটির মহাপরিচালকের দায়িত্বে আছেন লিয়াকত আলী।