
নারীর সমস্যা নিয়ে আলোচনা অনেক। এর মধ্যে বেশি উচ্চারিত নারী-পুরুষের সমান অধিকার। এত আলোচনা এত কিছু। আসলেই কি আমরা তাঁদের সমান অধিকার দিতে পেরেছি? নাকি এখনো তাঁদের মানুষ হিসেবে নয়, পোষা প্রাণী হিসেবেই বিবেচনা করি? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা হয়েছে মানু(ষ)ষী শিরোনামের নাটকটিতে। ১৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের নাটকের দল ‘কল্যাণী কলামন্ডলম’-এর পরিবেশনায় নাটকটি মঞ্চায়িত হয় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর মঞ্চে। এ দিন শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ ও মিলনায়তন ছিল দর্শক ও নাট্যপ্রেমীদের পদচারণে মুখর। বিখ্যাত নাট্যকার দারিও ফো রচিত এ ওমেন অ্যালন অ্যান্ড আদার শিরোনামের নাটকের পরিবর্তিত রূপ মানু(ষ)ষী। নাটকটির বাংলায় অনুবাদ করেছেন অসীম দাশ। নির্দেশনা দিয়েছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক শান্তনু দাশ। ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিকের পাঁচ দিনব্যাপী নাট্য আয়োজন ২০১৩-এর শেষ দিনে পরিবেশিত হয় নাটকটি।
বর্তমান সমাজে নারীকে ভোগ্যপণ্য হিসেবে বিবেচনা করা হয়। সবকিছু ছাপিয়ে যেখানে দেহই তাঁর একমাত্র পরিচিতি হয়ে ওঠে। এই চিন্তাধারা থেকে দূরে সরে থাকতে মানু(ষ)ষী নাটকে অভিনেতাকে নিরপেক্ষ ব্যক্তি হিসেবে উপস্থাপন করা হয়। যেখানে তাঁর শুধু একটি দেহই আছে। নারীকে সবার আগে মানুষ হিসেবে মর্যাদা দেওয়ার দৃপ্ত আহ্বান দেখা যায় নাটকে। এরপর নারীদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার ওপর জোর দেওয়া হয়। নাটকে সুনিপুণ অভিনয় করেছেন অনন্যা দাশ ও শান্তনু দাশ। সংগীত পরিবেশনায় ছিলেন অয়ন জোয়ার্দার ও বিশ্বজিৎ কর্মকার। সংগীত পরিচালনায় ছিলেন গৌতম ঘোষ ও আলোক, নির্দেশনায় ছিলেন সুজিত কুণ্ডু।