শিল্পকলায় জমজমাট আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমির গ্যালারি মিলনায়তনে ‘আনন্দ উৎসব’ শিরোনামে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ পরিবেশন করেন প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভার দুই সদস্য l প্রথম আলো
শিল্পকলা একাডেমির গ্যালারি মিলনায়তনে ‘আনন্দ উৎসব’ শিরোনামে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ পরিবেশন করেন প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভার দুই সদস্য l প্রথম আলো

কখনো কথামালা ও আবৃত্তির ছন্দ, কখনো বা সুরের টান। ছিল মঞ্চ মাতানো নাচ আর ফ্যাশন শো। সব মিলিয়ে আনন্দ আয়োজনের ষোলোকলা পূর্ণ।
১০ মে নগরের জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি মিলনায়তনে বসেছিল এই সাংস্কৃতিক আয়োজনের আসর। ‘আনন্দ উৎসব’ শিরোনামের এই অনুষ্ঠানের আয়োজক চট্টগ্রাম বন্ধুসভা। বিকেল পাঁচটায় শুরু হওয়া অনুষ্ঠানে শেষ পর্যন্ত ছিল প্রাণের উচ্ছ্বাস।
কথামালার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। শুরুতে মঞ্চে আসেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভার উপদেষ্টা আনোয়ারা আলম ও বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিনহাজ হোসাইন।
বক্তারা বর্তমান সময়ে চট্টগ্রাম বন্ধুসভার পোক্ত অবস্থানের কথা তুলে ধরেন। তাঁরা বন্ধুদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন। কথামালা শেষে সাংস্কৃতিক পর্ব শুরু হয় ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানের সঙ্গে দলীয় নৃত্য দিয়ে। নৃত্য পরিবেশন করেন বন্ধুসভার সদস্যরা।
এরপর চলে চট্টগ্রাম বন্ধুসভার নতুন কার্যকরী কমিটির অভিষেক পর্ব। এ পর্বে মঞ্চে ডেকে নেওয়া হয় বিদায়ী কমিটির সভাপতি জয়শ্রী দাশ ও সাধারণ সম্পাদক শিহাব জিশানকে। অতিথি হিসেবে মঞ্চে আসেন প্রথম আলো বন্ধুসভা কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক সাইদুল হাসান এবং ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি মাহবুবা সুলতানা। বক্তব্য দেন নতুন কমিটির সভাপতি ফাহিম উদ্দীন ও সাধারণ সম্পাদক জাকিয়া কবির।

গান পরিবেশন করেন বন্ধুসভার দুই সদস্য l প্রথম আলো
গান পরিবেশন করেন বন্ধুসভার দুই সদস্য l প্রথম আলো

অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয় ‘নাম ঠিকানা জানা নাই’ গানের সঙ্গে ইব্রাহীম তানভীর ও তানজিলা বিনতে শওকতের নাচের মাধ্যমে। এরপর নজরুলসংগীতে আসর মাতিয়ে তোলেন সমাপ্তি বড়ুয়া। গেয়ে শোনান ‘নহে নহে প্রিয় এ নয় আঁখিজল’ গানটি। নজরুলসংগীতের রেশ না কাটতেই দ্বৈত আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী আচরারুল হক ও বেনজির বিনতে শওকত।
এবার আবার গান। উৎপল মল্লিকের কণ্ঠে ‘আমি যে কে তোমার’ গানটি হৃদয় ছুঁয়ে যায়। এরপর একে একে নাচ ও গানের ছন্দে মেতেছিল আনন্দ উৎসবের মঞ্চ। ‘নাচো গো হেলিয়া’, ‘এই মেঘলা দিনে একলা’, ‘ও আমার বন্ধু গো’, আর ‘তুমি আশেপাশে থাকলে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন বন্ধুসভার বন্ধু স্বস্তিকা সেনগুপ্ত, ফাহিম উদ্দীন, তানজিলা বিনতে শওকত, ইব্রাহীম তানভীর, জাকিয়া কবির, শিহাব জিশান, প্রান্তিকা পূজা, রুনা আক্তার ও তাহমিনা তৃষা।
নাচের পর আসর মাত করেন তরুণ কণ্ঠশিল্পী মুহিবুল আরিফ। তাঁর কণ্ঠে ‘আগে যদি জানতাম’ ও ‘গ্রামের নওজোয়ান’ গান দুটি যেন উৎসব ও আনন্দের পারদ আরও ঊর্ধ্বমুখী করল। এ ছাড়া নুসরাত জাহানের কণ্ঠে ‘তোরে বানাইয়ারে বিনোদিনী’, রিতু বড়ুয়ার ‘আমায় ডেকো না’, তাহসিন চৌধুরী ও তাসমিয়া তাহেরা আজিজের ‘আকাশে বাতাসে’ মুগ্ধ করে দর্শকদের। আরও গান করেন জয়শ্রী মজুমদার, সুবর্ণা সেনগুপ্ত ও বাবলু চক্রবর্তী।
ছিল শিহাব জিশানের রচনা ও নির্দেশনায় নাটিকা পরম্পরার সাক্ষ্য। এতে অভিনয় করেন ইকবাল জিশান, নুর উদ্দিন আকবর, শারমীন আহমেদ, শিরিন আক্তার, জাকিয়া কবির, জয়নাল আবেদীন, সাঈদ আল সোহেল, ইব্রাহীম তানভীর ও নুরুজ্জামান খান। মোহাম্মদ সাঈদের পরিবেশিত কৌতুকও বেশ আনন্দ দেয় দর্শকদের।
এরপর ভিন্নধর্মী এক ফ্যাশন শো নিয়ে মঞ্চে আসেন বন্ধুসভার বন্ধুরা। চট্টগ্রামের বিয়ে অনুষ্ঠানকে থিম ধরে এই ফ্যাশন শোর কোরিওগ্রাফিতে ছিলেন জাকিয়া কবির। সব শেষে অনুষ্ঠানের পর্দা নামে ‘কিনে দে রেশমি চুড়ি’ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশনার মাধ্যমে। ঘড়ির কাঁটা তখন নয়টা পেরিয়ে গেছে।