শিল্পকলায় পিঠা উৎসব শুরু শুক্রবার
রাজধানীর শিল্পকলা একাডেমির কফি হাউসে আগামী শুক্রবার নবমবারের মতো শুরু হচ্ছে আট দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব। এ উৎসব চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত৷ উৎসবে প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত পিঠা তৈরি, প্রদর্শন ও বিক্রি করা হবে।
গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদ ও কফি হাউসের সার্বিক তত্ত্বাবধানে প্রতিবারের মতো এবারও পিঠা উৎসবের প্রস্তুতি নেওয়া হয়েছে। উৎসবে ৪০টির বেশি স্টলে পিঠা তৈরি, প্রদর্শন ও বিক্রি করা হবে। এ ছাড়া উৎসবে অংশগ্রহণকারী পিঠাশিল্পীদের পাঁচজনকে সেরা পিঠাশিল্পী সম্মাননা স্মারক দেওয়া হবে।
বক্তারা বলেন, প্রতিদিন বিকেল চারটা থেকে উৎসব মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে নাটক, গান, আবৃত্তি, নৃত্য, কৌতুক, জাদু ইত্যাদি পরিবেশন করা হবে।
এ ছাড়া থাকছে লালনগীতি, হাসন রাজা, শাহ আবদুল করিম, রাধারমণ, ভাওয়াইয়াসহ বিভিন্ন লোকসংগীত।
উপস্থিত বক্তারা আরও বলেন, দেশে পারিবারিক, সামাজিক ও ধর্মীয় উৎসবে পিঠার প্রচলন অনেক পুরোনো। দেশের মানুষের হৃদয়ে পিঠা তৈরি এক অনন্য শিল্পরূপ লাভ করেছে। কিন্তু প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের পাশে গড়ে উঠেছে ফাস্টফুডের দোকান। ফলে শিশু-কিশোরদের ঘরের খাবারের চেয়ে ফাস্টফুডের দিকে অনেক বেশি আগ্রহ থাকে। অথচ পিঠাই অনেক বেশি সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত।
জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি ম হামিদের সভাপতিত্বে এবং গীতিকার শহীদুল্লাহ ফরায়েজীর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম লিখিত বক্তব্য পাঠ করেন।