শিল্পকলায় প্রতি মাসেই উচ্চাঙ্গসংগীত ও নৃত্যানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন থেকে প্রতি মাসেই শিল্পকলা একাডেমী নিয়মিত উচ্চাঙ্গসংগীত ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করবে। গতকাল বুধবার থেকেই শুরু হলো একাডেমীর এই আয়োজন। দুই দিনের এই আয়োজনের প্রথম দিন ছিল উচ্চাঙ্গসংগীতসন্ধ্যা। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে নৃত্যানুষ্ঠান।প্রথম অনুষ্ঠানে মিলনায়তনে দর্শক উপস্থিতি ছিল কম। সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে দেখা গেল, কিছুসংখ্যক শ্রোতা এসেছেন শুদ্ধসংগীত উপভোগ করতে। শ্রোতা-স্বল্পতায় নির্ধারিত সময়ের বেশ পরে শুরু হয় অনুষ্ঠান। প্রথমেই ছিল আলোচনা। বক্তব্য দেন সংস্কৃতিসচিব হেদায়েত উল্লাহ, একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী এবং সংগীত ও নৃত্যকলা বিভাগের পরিচালক মাহমুদ সেলিম।বক্তারা বলেন, প্রাচীনকাল থেকেই সংগীতের দুটি ধারা বহমান। একটি লোকসংগীত অন্যটি শাস্ত্রীয় সংগীত। দুটি ধারা থেকেই পরে অনেক ধারা সৃষ্টি হয়েছে। নতুন ধারাগুলো নিজস্ব পরিচিতি লাভ করলেও দেখা যায়, এখনো লোকসংগীত ও শাস্ত্রীয় সংগীত থেকে নতুন ধারাগুলো পুরোপুরি বেরিয়ে যেতে পারেনি।বক্তারা বলেন, উচ্চাঙ্গসংগীতের ধারাগুলোকেই উচ্চাঙ্গসংগীত বলা হয়। গঠনে, রূপায়ণে ও রস সম্পাদনে প্রচলিত অন্যান্য সংগীত ধারা থেকে উচ্চাঙ্গসংগীত উচ্চমার্গীয়। ধ্রুপদ, খেয়াল, ঠুমরি সংগীতকে উচ্চাঙ্গসংগীত হিসেবে ধরা হয়। বাদ্যযন্ত্রের মাধ্যমে এই উচ্চাঙ্গসংগীত পরিবেশন করা হয়।বক্তারা আরও বলেন, ‘উচ্চাঙ্গসংগীত ও নৃত্যানুষ্ঠানকে মানুষের কাছাকাছি নিয়ে যেতেই নিয়মিত এই আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।পরে উচ্চাঙ্গসংগীত শিল্পীদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।এরপরই শুরু হয় সংগীতের আসর। শিল্পী প্রিয়াংকা গোপ পরিবেশন করেন বাগেশ্রী রাগে খেয়াল। আলাউদ্দিন মিয়া মালকোষ রাগে বেহালা বাদন করেন।ওস্তাদ সৈয়দ জাকির হোসেন পরিবেশন করেন ঠুমরি ও দাদরা। কাফি রাগে সরোদ বাদন পরিবেশন করেন ইউসুফ খান।অনুষ্ঠানে যন্ত্রশিল্পীদের মধ্যে তবলায় ছিলেন দেলোয়ার হোসেন খান ও সৈয়দ মেহের হোসেন। হারমোনিয়ামে ছিলেন মো. শাকুর এবং তানপুরায় ছিলেন এম মোহন সিনহা।আয়োজকেরা জানিয়েছেন, আজ সন্ধ্যায় একই স্থানে পরিবেশিত হবে নৃত্যানুষ্ঠান। অংশ নেবেন ভরতনাট্যমের বেলায়েত হোসেন খান, কথক নৃত্যে সাজু আহমেদ, মণিপুরি পরিবেশন করবেন শর্মিলা বন্দ্যোপাধ্যায় এবং ওড়িশি পরিবেশন করবেন প্রমা ও অবন্তী।১ ফেব্রুয়ারি কবিতা উত্সব শুরু‘নতুন কবিতা নতুন সময়’ স্লোগান নিয়ে ১ ফেব্রুয়ারি শুরু হচ্ছে জাতীয় কবিতা উত্সব। দুই দিনের এই উত্সবের আয়োজন করছে জাতীয় কবিতা পরিষদ। সারা দেশের প্রায় ৪০০ কবি ও কবিতাকর্মী উত্সবে অংশ নেবেন। এ ছাড়া এবার উত্সবে ভারত, যুক্তরাজ্য, কুয়েত থেকেও অতিথি কবিরা অংশ নেবেন।গতকাল বুধবার জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বেলা তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দোতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জাতীয় কবিতা পরিষদ এবারের জাতীয় কবিতা উত্সবের দুই যুগপূর্তি পালন করতে যাচ্ছে। ১ ফেব্রুয়ারি সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে উত্সবের উদ্বোধন করবেন কবি সৈয়দ শামসুল হক। উত্সবে অংশ নিতে পশ্চিমবঙ্গ থেকে আসবেন সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেন্দ্র সেনগুপ্ত, প্রণব চট্টোপাধ্যায়, বুদ্ধদেব দাশগুপ্ত, শ্যামল কান্তি দাস, বিথী চট্টোপাধ্যায়, অমৃত মাইতি ও স্বাতী চট্টোপাধ্যায়। এ ছাড়া আগরতলা ও ত্রিপুরা থেকে আসবেন অনিল সরকার, রাতুল দেব বর্মণ প্রমুখ।অনুষ্ঠানসূচিতে থাকছে স্বরচিত কবিতাপাঠ, কবিতার গান, চিত্র প্রদর্শনী ও সেমিনার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের দোতলায় উত্সব দপ্তরে প্রতিদিন বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত নাম নিবন্ধন করা হবে। ৩১ জানুয়ারি পর্যন্ত নাম নিবন্ধন করা যাবে ১০০ টাকা ফি দিয়ে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উত্সবের আহ্বায়ক আসাদ চৌধুরী, কবিতা পরিষদের সভাপতি হাবিবুল্লাহ সিরাজী, সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ সামাদ, কাজী রোজী, তারিক সুজাত, আসলাম সানী, রবীন্দ্র গোপ, হালিম আজাদ প্রমুখ।আজ থেকে তিন দেশের আলোকচিত্র প্রদর্শনী‘হয়ার থ্রি ড্রিমস ক্রস’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। এতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের ছবি প্রদর্শিত হবে। উপমহাদেশের এই তিন দেশের ছবি প্রদর্শিত হবে লন্ডনের হোয়াইট চ্যাপেল গ্যালারিতে। চলবে ১১ এপ্রিল পর্যন্ত। ১৫০ বছরের বিভিন্ন ঐতিহাসিক ও সমকালীন নানা ছবি নিয়েই এই আয়োজন। ১৮৬০ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত উপমহাদেশের নানা ঘটনার স্মৃতি এই প্রদর্শনীর ছবিগুলো তুলে ধরবে। ৮২ জন আলোকচিত্রশিল্পীর ৪০০টি চিত্র এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে। এই ছবিগুলো তুলে ধরবে নিজ নিজ দেশের ঐতিহ্য আর সংস্কৃতিকে। বাংলাদেশের যে ছবিগুলো এই প্রদর্শনীতে অংশ নেবে সেগুলো সংগ্রহ করা হয়েছে দৃকের সংরক্ষণাগার থেকে। দেশের কিংবদন্তিতুল্য আলোকচিত্রীর ছবি যেমন থাকছে তেমনি থাকছে তুলনামূলক নবীন শিল্পীর তোলা ছবি। প্রদর্শনীতে গোলাম কাশেম, সৈয়দা খানম, আমানুল হক, নাসির আলী মামুন ও রশীদ তালুকদারের ছবির সঙ্গে থাকবে দৃকের প্রতিষ্ঠাতা পরিচালক শহিদুল আলম, আবীর আবদুল্লাহ, মুনেম ওয়াসিফ, মোমেনা জলিল, সুমন আহমেদসহ অনেকের ছবি। যুক্তরাষ্ট্রের এ প্রদর্শনী শেষে ছবিগুলো ১১ জুন থেকে ২২ আগস্ট পর্যন্ত সুইজারল্যান্ডের উইন্টারথার ফটোমিউজিয়ামে প্রদর্শিত হবে।