মঞ্চ নাটকচর্চার পথ মসৃণ নয়। মিলনায়তন বরাদ্দের ওপর নির্ভর করে থিয়েটারের চর্চা। মাসে এক দিন মিলনায়তন বরাদ্দ হলে—দুটো মহড়া আর এক দিন প্রদর্শনী। এমন অবস্থায় একজন নাট্যকর্মীর নিয়মিত চর্চা চালিয়ে যাওয়া বেশ কঠিন। এসব জেনেও যাঁরা থিয়েটারে নাম লেখান, থিয়েটার নিয়ে মেতে থাকতে চান, তাঁদের এ সময়টুকু আনন্দময় এবং আত্মবিশ্বাসী করার জন্যই নতুন আয়োজন ‘মহলা মগন’ অর্থাত্ মহড়ায় মগ্ন। গতকাল সোমবার শিল্পকলা একাডেমীতে শুরু হয়েছে নাটকের দল প্রাচ্যনাট আয়োজিত ‘মহলা মগন’ শিরোনামের নাট্যোৎসব।একাডেমীর স্টুডিও থিয়েটারের খোলা চত্বরে দেশের বিভিন্ন নাট্যদলের ১২ জন তরুণ নাট্যকর্মী প্রদীপ জ্বালিয়ে ব্যতিক্রমী এ উৎসবের উদ্বোধন করেন। পরে মঞ্চস্থ হয় নাটক কথোপকথন ও ত্রিশঙ্কু। ‘মহলা মগন’ উৎসবের নাটকগুলো মূলত নাট্যকর্মী এবং আমন্ত্রিত অতিথিদের জন্য। উৎসব আহ্বায়ক তৌফিকুল ইসলাম বলেন, উৎসবের নাটকগুলোর জন্য আমরা অনেকগুলো দলে ভাগ হয়ে কাজ শুরু করেছিলাম বেশ কিছুদিন আগে। প্রতি মাসে দুটো দিন নির্দিষ্ট করে আমাদের প্রস্তুতি চলেছে। প্রতিটি দল নাটক লেখা থেকে শুরু করে নির্দেশনা, অভিনয়, আলোক, সেট, পোশাক পরিকল্পনার কাজ করেছে। মিলনায়তন সমস্যাকে উপেক্ষা করে মহড়াকক্ষেই অভিনীত হতে থাকল এসব প্রযোজনা। দর্শক হলেন দলের কর্মী এবং বিভিন্ন দলের বন্ধুরা। বলা চলে, ‘মহলা মগন’ দলের অভিজ্ঞ থেকে অনভিজ্ঞ সবাইকে নিয়ে এসেছে একই ছাদের নিচে, তাঁদের সমন্বয় করেছে, বাড়িয়ে দিয়েছে আত্মবিশ্বাস। তাই সম্ভাবনা জাগানিয়া কার্যক্রমের অভিজ্ঞতা আজকের তরুণ থিয়েটারকর্মীদের সঙ্গে ভাগ করার প্রয়াসে এই আয়োজন করা।’ আগামী ১৮ মার্চ পর্যন্ত আয়োজিত উৎসবে মোট আটটি নাটক মঞ্চস্থ হবে। আজ স্টুডিও থিয়েটার মঞ্চে দেখানো হবে নাটক ফুল পাখি ও নদীর গান এবং আড্ডা। ওয়াহিদুল হক স্মরণে মিলনোৎসব সংগীতজ্ঞ ওয়াহিদুল হকের জন্মবার্ষিকী উপলক্ষে আগামী বৃহস্পতিবার কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আয়োজন করা হয়েছে ‘ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসব ২০১০।’ ‘শুভ কর্মপথে ধর নির্ভয় গান’ শীর্ষক তিন দিনের এ উৎসবের আয়োজন করছে সাহিত্যের বাচিকচর্চা ও প্রসার প্রতিষ্ঠান কণ্ঠশীলন। বৃহস্পতিবার বিকেলে মিলনোৎসব উদ্বোধন করবেন কথাশিল্পী শওকত আলী। আয়োজক সংগঠনের সভাপতি শিল্পী কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূর প্রমুখ। উদ্বোধনের পর সন্ধ্যায় ছায়ানটের শিল্পীদের সম্মেলক গানের মধ্য দিয়ে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পীরা আবৃত্তি করবেন। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী, অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহ্বায়ক গোলাম সারোয়ার প্রমুখ। সংবাদ সম্মেলনের আয়োজকেরা জানান, উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার সকালে উৎসবের শোভাযাত্রা বের হবে। বিকেলে স্মারক বক্তৃতা দেবেন হাসান আজিজুল হক। অনুষ্ঠানে সম্মেলক গান পরিবেশন করবেন সুরতীর্থের শিল্পীরা। কল্যাণ পরম্পরা অনুষ্ঠানে আবৃত্তি, গল্প ও সংগীত পরিবেশন করবে। উদ্ভাসন পরিবেশন করবে জসীমউদ্দীনের নকশি কাঁথার মাঠ। এ ছাড়াও শনিবার তৃতীয় ও শেষ দিনে অন্য আয়োজনের পাশাপাশি থাকবে গুণীজন সম্মাননা। শুরু হচ্ছে আবৃত্তি ছন্দে আনন্দেচ্যানেল আই এবং আবৃত্তি সমন্বয় পরিষদের আয়োজনে দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে আবৃত্তি প্রতিযোগিতার অনুষ্ঠান কিউট-চ্যানেল আই আবৃত্তি ছন্দে আনন্দে। প্রাথমিকভাবে নির্বাচিত ১০০ জনকে নিয়ে শুরু হবে মূল পর্ব। প্রতিযোগীদের নিবন্ধন করতে হবে আবৃত্তি সমন্বয় পরিষদের মাধ্যমে। এ প্রতিযোগিতার মাধ্যমে দেশসেরা একজন আবৃত্তিকারকে খুঁজে বের করবে চ্যানেল আই। এবারের প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকবেন কামাল লোহানী, হাসান ইমাম, জয়ন্ত চট্টোপাধ্যায়, কাজী আরিফ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, লায়লা আফরোজ, কামরুল হাসান প্রমুখ। এ ছাড়া অতিথি বিচারক হিসেবে থাকবেন আবদুল্লাহ আবু সায়ীদ, কাজী আবু জাফর সিদ্দিকী, নির্মলেন্দু গুণ, আসাদ চৌধুরী, রফিক আজাদ, মুহাম্মদ নূরুল হুদা, আল মনসুর, সুবর্ণা মুস্তাফা প্রমুখ।এ উপলক্ষে চ্যানেল আইর তেজগাঁও ভবনে গতকাল সোমবার আয়োজিত সংবাদ আবৃত্তি প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাংসদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, চ্যানেল আইর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা, মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান কাজী মাহতাবউদ্দিন আহমেদ প্রমুখ।