শিল্পকলায় যাত্রা দেখতে উপচে পড়া ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধ্যার আঁধার ঘনিয়ে এসেছে। শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলের মঞ্চের পেছনে জাঁকজমক পোশাকে শিল্পীরা প্রস্তুত। হারমোনিয়াম বেজে উঠল ‘সেই রেললাইনের সেতু পার হয়ে’ গানের সুরে। সঙ্গে ঢোল, তবলা, বাঁশির মিলিত বাদন। বাজনার সঙ্গে মঞ্চে এসে শিল্পীরাও গলা মেলালেন। গতকাল রোববার সপ্তাহব্যাপী যাত্রা উৎসবের চতুর্থ দিনের পরিবেশনার শুরুটা ছিল এভাবেই।দেশজ ধারার যাত্রাপালাকে অবক্ষয় ও বিলুপ্তির হাত থেকে রক্ষার জন্য সংগীত সংগঠন ‘সাধনা’র সহযোগিতায় শিল্পকলা একাডেমী আয়োজন করেছে এই উৎসব। গতকাল ছিল খুলনার নিউ রংমহল অপেরার মানবীদেবী পালা। নির্মল মুখোপাধ্যায় রচিত পালাটির নির্দেশনা দিয়েছেন সুকুমার বিশ্বাস।মহানগরের শীতাতপনিয়ন্ত্রিত মঞ্চে এই যাত্রাপালা যাত্রানুরাগী দর্শকদের মধ্যে দারুণ সাড়া জাগিয়েছে। প্রতিদিনই পালা শুরুর বেশ আগেই মিলনায়তন দর্শকে ভর্তি। শুক্র-শনি দুই দিন তো ছিল উপচে পড়া ভিড়। গতকাল কর্মদিবসেও একই অবস্থা। বসার আসন না পেয়ে অনেকে দাঁড়িয়ে থেকেই উপভোগ করেছেন যাত্রাভিনয়।মানবীদেবী পালাটি সামাজিক কাহিনিবিষয়ক। যেখানে দেখানো হয়েছে অর্থ-বিত্ত-বৈভবের মোহে পড়ে এক নারী স্বামী-সংসার ত্যাগ করে যায়। তার স্বামী হয়ে পড়ে মানসিক ভারসাম্যহীন। তাকে সুস্থ করতে এগিয়ে আসে আরেক নারী। এভাবে জটিল ও মানসিক দ্বিধা-দ্বন্দ্বের মধ্য দিয়ে এগিয়ে চলে পালা। অভিনয় করেছেন সুকুমার বিশ্বাস, প্রশান্ত কুমার, সাধন সরকার, বিনয় রায়, ভদ্রকান্ত মণ্ডল, সুভাষ দে, সুদীপ্ত মণ্ডল, বৈদ্যনাথ বিশ্বাস, ভারতী রানী, স্বপ্ন মল্লিক প্রমুখ। পালাটির সংগীত পরিচালনায় ছিলেন অজিত মল্লিক, নৃত্য পরিচালনা করেছেন সুজাতা কীর্তনিয়া। রবীন্দ্রজয়ন্তী উৎসবের দ্বিতীয় দিন‘অগ্নিশিখা, এসো এসো, আনো আনো আলো’—সমবেত কণ্ঠে এই গানটি দিয়ে শিল্পকলা একাডেমীতে গতকাল শুরু হয়েছিল জাতীয় পর্যায়ে রবীন্দ্রজয়ন্তী উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠান। জাতীয় নাট্যশালা মঞ্চে এই দিনের অনুষ্ঠানে ছিল একক সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি।সমবেত সংগীতের মধ্যে আরও ছিল ‘সংকোচের বিহ্বলতা’ এবং ‘এবার তোর মরা গাঙে বান এসেছে’। রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, ছায়ানট ও রবিরাগ গানগুলো পরিবেশন করে। একক কণ্ঠের গানের মধ্যে ছিল ‘আমার খেলা যখন ছিল তোমার সনে’, ‘আমার মাথা নত করে’, ‘তুমি কেমন করে গান করো’, ‘কবে আমি বাহির হলেম’, ‘দিবস রজনী আমি যেন কার’, ‘তোমায় গান শোনাব’ ইত্যাদি।ঘুড়ি প্রদর্শনী ও চিত্রাঙ্কনমুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের সহযোগিতায় এবং ঢাকাবাসী সংগঠনের আয়োজনে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ঘুড়ি প্রদর্শনী। এ প্রদর্শনীতে বাংলাদেশ, চীন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, পাকিস্তান, তুরস্ক, কোরিয়া, জাপান, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, নেপাল, ভুটানসহ মোট ১৫টি দেশের ঘুড়ি প্রদর্শিত হয়। শনিবার শুরু হওয়া প্রদর্শনীটি গতকাল বিকেলে শেষ হয়। এ উপলক্ষে গতকাল বিকেলে গ্যালারিতে আয়োজন করা হয় স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে ঘুড়িবিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতার উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস। বাংলাদেশ জাতীয় যুব সংগঠন ফেডারেশনের মহাসচিব দুলাল বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ঢাকাবাসী ও বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সভাপতি মোহাম্মদ শুকুর সালেক।