শিল্পকলায় লোকশিল্পীদের সম্মাননা
খুবই বিনয়ী মানুষ তাঁরা। সামান্য স্বীকৃতি তাঁদের আপ্লুত করে তোলে। চিরকাল উপেক্ষিত-অবহেলিত থেকে যাওয়া এ মানুষগুলো কখনোই নিজের সফলতা আর অবদানের কথা ফলাও করে বলতে চান না। বরং বলেন, কী করতে পারেননি, সেই গল্প। সেই সঙ্গে আরও ভালোভাবে আগামী দিনগুলোতে বাংলার লোকসংস্কৃতিকে ঐতিহ্যের পথে এগিয়ে নিয়ে যাওয়ার বাসনা প্রকাশ করেন। এমন ছয়জন লোকনাট্য-শিল্পীকে গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে লোকনাট্য সপ্তাহের সমাপনী দিনে সম্মাননা জানানো হয়। এঁরা হলেন মানিকগঞ্জের সাইদুর রহমান বয়াতি। মীর মশাররফ হোসেনের বিষাদ-সিন্ধুকে ইমামযাত্রা নামে পালা আকারে নির্দেশনা দিয়ে অভিনয় করেছেন দীর্ঘকাল। নেত্রকোনার আবদুল হালিম বয়াতি বিষাদ-সিন্ধুকে জারিগানে রূপ দিয়েছেন। জারিগানের ধারার প্রধানতম বয়াতি বলা হয় তাঁকে। কুড়িগ্রামের কৃপা সিন্ধু রায় সরকার কীর্তনে আজীবন মগ্ন আছেন। সম্মাননা পাওয়ার পর অনুভূতি জানাতে গিয়ে সরল স্বীকারোক্তি, ‘আপনারা জানেন কুড়িগ্রামের লোকদের মফিজ বলে, কেননা টাকা পয়সার দিকে থেকে আমরা একেবারেই গরিব। আজ আমি গুণী হিসেবে সম্মানিত হয়েছি, কীর্তন গাইতে গাইতে গুণী হয়েই যেন আমি মরতে পারি।’ আরও সম্মাননা পেয়েছেন কুষ্টিয়ার রামকীর্তন ও পদ্মপূরাণ-এর গায়ক ও পালাকার রামচন্দ্র মোহন্ত গোঁসাই, বাগেরহাটের লোকনাট্য-শিল্পী মীরা রানী মিস্ত্রী এবং রাজশাহীর লোকগবেষক ও সংগ্রাহক কাজী সাঈদ হোসেন দুলাল। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় গত ২৪ এপ্রিল থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী লোকনাট্য সপ্তাহের গতকাল ছিল সমাপনী দিন। অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, রামেন্দু মজুমদার, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক বেগম সারা আরা মাহমুদ। শেষে ছিল মীরা রানীর পরিবেশনায় রয়ানী।উদীচী পরিবারের স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্তদের সংবর্ধনাঅনেকটা কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে সাজানো হয়েছিল মঞ্চ। সেই মঞ্চে এলেন আট গুণী ব্যক্তিত্ব। এ বছর স্বাধীনতা ও একুশে পদকে সম্মানিত হয়েছেন তাঁরা। বিভিন্ন সময় তাঁরা ছিলেন উদীচীর সঙ্গে নানাভাবে সংশ্লিষ্ট। সে কারণে উদীচী তাদের সংবর্ধনা দিয়েছে গতকাল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে। নিজ নিজ ক্ষেত্রে কীর্তিমান দেশের এই গুণীজনেরা হলেন স্বাধীনতা পদক পাওয়া মুস্তাফা নূরউল ইসলাম, জিল্লুর রহমান সিদ্দিকী, ফেরদৌসী প্রিয়ভাষিণী, যতীন সরকার এবং একুশে পদক পাওয়া ইমদাদ হোসেন, মুনতাসীর মামুন, লায়লা হাসান ও নাসির উদ্দীন ইউসুফ।উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি গোলাম মোহাম্মদের সভাপতিত্বে সংবর্ধনা সভায় স্বাগত বক্তব্য দেন উদীচীর সাধারণ সম্পাদক হাবিবুল আলম। সংবর্ধিতদের মাল্যদান করেন ও উত্তরীয় পরিয়ে দেন উদীচীর শিল্পী-সংগঠকেরা। গুণীজনদের উদ্দেশে সম্মাননাপত্র পাঠ করেন উদীচীর সহসভাপতি রতন সিদ্দিকী। শুভেচ্ছা বক্তব্য দেন উদীচীর সহসভাপতি নিরঞ্জন অধিকারী। অনুষ্ঠানে সংবর্ধিত গুণীজনদের প্রিয় গানগুলো গেয়ে শোনান মাহমুদ সেলিম, সোহেলী আহমেদ, জান্নাত ই ফেরদৌস, ইয়াসমিন খায়রুজ বাঁধন, মিতু কর্মকার প্রমুখ শিল্পী। দিনাত জাহানের একক সংগীতানুষ্ঠান‘আমি আছি থাকব, ভালোবেসে মরব...’ গতকাল সন্ধ্যায় শিল্পী দিনাত জাহান যখন গানটি করছিলেন, তখন জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনের অনেক দর্শক কণ্ঠ মেলাচ্ছিলেন জনপ্রিয় গানটির সঙ্গে। পুরো আয়োজনে ছিল এমন কিছু জনপ্রিয় গান।অনুষ্ঠানটির আয়োজক সামাজিক-সাংস্কৃতিক সংগঠন আমরা সূর্যমুখী। ১৪১৭ বঙ্গাব্দ বরণ উপলক্ষে তারা দিনাত জাহানের একক গানের এই অনুষ্ঠান করে। গানের আগে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় মোস্তাফা জামান আব্বাসী, শাকিলা জাফর, রেজাউল করিম তালুকদার, শহীদুল্লা ফরায়জী, কবির বকুল, আমরা সূর্যমুখীর সমন্বয় সম্পাদক শফিকুল ইসলাম বক্তব্য দেন।এরপর গান। দিনাত জাহান গেয়ে শোনান ‘কে যায় রে ভাটির গাঙ বাইয়া, ‘একবার যেতে দে না’, ‘তুমি আকাশ হলে’, ‘যেতে দাও আমায় ডেকো না, ‘যে ছিল দৃষ্টির সীমানায়’সহ ২৫টি গান। ‘বিবিসি বাজ’ আলোকচিত্র টেলিভিশন অনুষ্ঠান ‘বিবিসি বাজ’-এর আয়োজনে প্রতিভাবান আলোকচিত্রীদের আলোকচিত্র নিয়ে গতকাল দৃক গ্যালারিতে শুরু হয়েছে প্রদর্শনী। উদ্বোধন করেন শিল্পী মোস্তফা মনোয়ার। প্রদর্শনীর প্রতিটি ছবিতেই বাংলাদেশকে নতুন আঙ্গিকে তুলে ধরেছেন তরুণেরা। নায়ক, গ্রীষ্ম ও কর্মজীবী নারী বিষয়ে পনেরোটি আলোকচিত্র এ প্রদর্শনীতে স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে ৬ মে পর্যন্ত।