শিল্পকারখানাই আমাদের ভবিষ্যৎ: সংস্কৃতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘শিল্পকারখানাই আমাদের ভবিষ্যৎ। কারণ মানুষ বাড়ছে, কৃষিজমি বাড়ছে না। কাজেই শিল্পকলকারখানা করতেই হবে।’ নীলফামারী শহরের টাউন ক্লাব মাঠে এক মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে গত বৃহস্পতিবার রাতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে আসাদুজ্জামান নূর ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। নীলফামারী শিল্প ও বণিক সমিতির আয়োজনে ওই মেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প ও বণিক সমিতির সভাপতি মারুফ জামান। বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, মেলা আয়োজন কমিটির আহ্বায়ক চেম্বারের সাবেক সভাপতি এস এম সফিকুল আলম প্রমুখ।
সফিকুল আলম বলেন, মাসব্যাপী এই মেলায় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের ১০১টি স্টল স্থান পেয়েছে। শিশুকিশোরদের জন্য শিক্ষা ও বিনোদনের জন্য রয়েছে ভিন্নধর্মী আয়োজন। মেলায় প্রবেশমূল্য ১০ টাকা।
প্রতিবন্ধীদের স্কুল পরিদর্শন: সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, প্রতিবন্ধী শিশুরা বেড়ে ওঠার জন্য সব ধরনের সুযোগ পেলে দেশের সম্পদে পরিণত হতে পারবে। সদরের রামনগরে গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে প্রতিবন্ধী স্কুল অ্যান্ড রিসোর্স সেন্টারে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। মন্ত্রী প্রতিষ্ঠানটি পরিদর্শন করে সেখানে অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি প্রতিবন্ধী স্কুল অ্যান্ড রিসোর্স সেন্টারটি স্থায়ীভাবে আধুনিকায়নের আশ্বাস দেন।
রামনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি মমতাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মজিবুল হাসান চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে রামনগর ইউপির সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান প্রতিবন্ধী স্কুল অ্যান্ড রিসোর্স সেন্টার নির্মাণে এক বিঘা জমি দান করার ঘোষণা দেন।