শিল্পকারখানাকে পিক আওয়ারে বিদ্যুৎ বন্ধ রাখার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাসে ইফতার থেকে সেহ্রি পর্যন্ত গ্রাহকেরা যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পান সে জন্য শিল্পকারখানাগুলোকে পিক আওয়ারে বিদ্যুৎ ব্যবহার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। একই সঙ্গে ফিলিং স্টেশন ও বিপণিবিতানগুলোতে অতিরিক্ত বাতি ব্যবহার না করারও নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন শিল্পকারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে পিডিবি।
পিডিবির কর্মকর্তারা জানিয়েছেন, ভারী শিল্পকারখানাসহ সব ধরনের শিল্পপ্রতিষ্ঠানকে সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১০টা ও রাত ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার না করার জন্য চিঠি দেওয়া হচ্ছে। চট্টগ্রামে পিক আওয়ারে সাড়ে সাত শ থেকে আট শ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হয়। এর বিপরীতে উৎপাদনে ঘাটতি নেই। কিন্তু বিতরণব্যবস্থায় ত্রুটি থাকায় সরবরাহে ব্যাঘাত ঘটছে। সাবস্টেশন ও ট্রান্সফরমারগুলো অনেক সময় লোড নিতে পারছে না। সে কারণে ভারী লোড নেওয়া গ্রাহকদের (১৩২ কেভি, ৩৩ কেভি ও ১১ কেভি) পিক আওয়ারে বিদ্যুৎ ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে। চট্টগ্রামে শিল্পগ্রাহকের সংখ্যা মোট ১ হাজার ৮০০। পিডিবি চট্টগ্রামের প্রধান প্রকৌশলী মো. আজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শিল্পকারখানাগুলোকে চিঠি পাঠানোর পাশাপাশি আমরা ফোনেও যোগাযোগ করছি। আশা করছি, রোজাদারদের স্বার্থে তারা এ নির্দেশনা মানবে।’
পিডিবির কর্মকর্তারা আরও জানান, ফিলিং স্টেশন ও বিপণিবিতানগুলো যাতে প্রয়োজনের অতিরিক্ত বাতি জ্বালানো থেকে বিরত থাকে সে বিষয়ে তদারকি করা হবে। পরিমিত বিদ্যুৎ ব্যবহারের জন্য হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতি, দোকান মালিক সমিতি, বিজিএমইএ, বিকেএমইএ, ক্ষুদ্র শিল্প মালিক সমিতি ও কাঁচাবাজার মালিক সমিতি বরাবর চিঠি দেওয়া হয়েছে।
পিডিবি চট্টগ্রামের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার সেন জানান, নিরবচ্ছিন্ন সরবরাহের জন্য বিভিন্ন বিতরণ লাইনে মেরামতকাজ করা হচ্ছে। আপত্কালীন জরুরি অবস্থা মোকাবিলার জন্য পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের ট্রান্সফরমারও মজুত করা আছে।