শিল্পকারখানায় নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে সজাগ থাকুন: পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশিল্পে যাতে কেউ নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সে জন্য মালিক-শ্রমিক এবং সংশ্লি­ষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। খবর বাসসের।আজ শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্যপরিষদের উদ্যোগে এক আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান। মে দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।দীপু মনি সভায় বলেন, দেশের পোশাকশিল্পসহ সব শিল্পকারখানায় শৃঙ্খলা বজায় রাখতে হবে। যুদ্ধাপরাধের বিচারকাজ বাধাগ্রস্ত করার লক্ষ্যে কোনো মহলের উসকানিতে যাতে শিল্পকারখানায় নৈরাজ্য সৃষ্টি না হয়, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।মন্ত্রী বলেন, শিল্পের মালিক এবং শ্রমিকদের স্বার্থ ওতপ্রোতভাবে জড়িত। তাই শিল্পমালিকদের স্বার্থও অবহেলা করা যাবে না। তবে শ্রমিকদের স্বার্থ অগ্রাধিকার দিয়ে পোশাকশিল্পসহ সব শিল্পকারখানার যাবতীয় সমস্যা সমাধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।সভায় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) সমন্বয়ক ওয়াজেদুল ইসলাম পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি তিন হাজার টাকা থেকে বাড়িয়ে আট হাজার টাকা করার দাবি জানান। তিনি বর্তমানে পোশাক শিল্পের বেশির ভাগ ভবন মৃত্যুকূপ ছাড়া কিছুই নয় বলেও মন্তব্য করেন।