শিল্পকারখানার বর্জ্যে মরছে মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর এলাকার একটি শিল্পকারখানার বর্জ্যে পুকুর ও জলাশয়ের মাছ মরে ভেসে উঠেছে। কারখানা কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত বুধবার কয়েকটি গ্রামে বিক্ষোভ হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোনারগাঁ পৌরসভার টিপুরদী এলাকায় অবস্থিত চৈতি কম্পোজিট লিমিটেড নামের শিল্পকারখানাটির বর্জ্য-পানিতে এক সপ্তাহে নোয়াইল, গোয়ালদী, পানাম, অর্জুন্দী, ছোট সাদিপুর ও ইছাপাড়া এলাকার ১১টি পুকুর ও জলাশয়ের মাছ মরে ভেসে ওঠে।
গত বুধবার সকালে নোয়াইল গ্রামে গিয়ে দেখা যায়, সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তির ১৫ বিঘার জলাশয়ে রুই-কাতলাসহ নানা প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে সিরাজুল প্রথম আলোকে বলেন, ‘চৈতি কম্পোজিটের বিষাক্ত বর্জ্য স্থানীয় টিপুরদী খাল হয়ে আমার জলাশয়ে ঢোকে। এতে পানি বিষাক্ত হয়ে সব মাছ মরে ভেসে ওঠে।’ তিনি আরও বলেন, কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ও ক্ষতিপূরণের দাবিতে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পৌরসভার মেয়র বরাবর লিখিত দিয়েছেন।
সোনারগাঁ থানার এসআই জাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, কারখানার বিষাক্ত বর্জ্য জলাশয়টিতে ঢোকায় এভাবে মাছ মরে গেছে।
ইউএনও আবু নাছের ভূঞা বলেন, ‘বিষয়টি আমি পরিবেশ অধিদপ্তরসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এক সপ্তাহ ধরে বিভিন্ন পুকুরের মাছ মরে ভেসে উঠেছে। এ ছাড়া এখানকার দূষিত পানিতে মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ পেয়ে তদন্ত করে সত্যতা পেয়েছি।’ ইউএনও আরও বলেন, এর আগে গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছিল। তা ছাড়া ২০১০ সালের আগস্টে পরিবেশদূষণের দায়ে কারখানা কর্তৃপক্ষকে পরিবেশ অধিদপ্তর ৬৫ লাখ টাকা জরিমানা করেছিল।
এদিকে কারখানা কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার পৌরসভার নোয়াইল, টিপুরদী ও ইছাপাড়ার বাসিন্দারা বিক্ষোভ করেন।
কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ বলেন, ‘আমাদের কারখানায় বর্জ্য পরিশোধনের যন্ত্র (ইটিপি) স্থাপন করা হয়েছে। তা সত্ত্বেও কিছু বর্জ্য-পানি বেরিয়ে গ্রামবাসীর ক্ষতি হচ্ছে। এ ধরনের ক্ষতি যাতে আর না হয় সে জন্য ব্যবস্থা নেওয়া হবে।’