শিল্পকারখানার বর্জ্যে মরছে মাছ, আক্রান্ত হচ্ছে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ ও আড়াইহাজার উপজেলার বিভিন্ন শিল্পকারখানার বিষাক্ত বর্জ্যে মেঘনা নদী ও ব্রহ্মপুত্র নদের পানি দূষিত হয়ে মাছ মরে যাচ্ছে। দূষিত পানিতে গোসলসহ গৃহস্থালির কাজ করে এলাকার লোকজন নানা রোগে আক্রান্ত হচ্ছে।
এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আড়াইহাজারের বিভিন্ন ডাইং কারখানার বিষাক্ত বর্জ্যমিশ্রিত পানি ব্রহ্মপুত্র নদে পড়ে সোনারগাঁয়ের প্রভাকরদী থেকে শম্ভুপুরা পর্যন্ত ১৬ কিলোমিটার এলাকায় পানি দূষিত হচ্ছে। দূষিত বর্জ্যের জন্য এ নদের বিভিন্ন স্থানে মিঠাপানির নানা প্রজাতির মাছ মরে ভেসে উঠছে। সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকার বিভিন্ন শিল্পকারখানার বর্জ্যমিশ্রিত পানি মেঘনা নদীতে গিয়ে পড়ছে। এতে নদীর মেঘনা সেতু থেকে বৈদ্যেরবাজার পর্যন্ত ছয় কিলোমিটার এলাকার পানি দূষিত হয়ে পড়েছে। গত এক মাসে বিভিন্ন সময়ে কই, শিং, বোয়াল, শৈল, রুই, কাতলা, টেংরাসহ নানা প্রজাতির মাছ মরে ভেসে উঠেছে।
গতকাল শুক্রবার মেঘনা ও ব্রহ্মপুত্র তীরবর্তী বিভিন্ন গ্রামে গিয়ে দেখা যায়, কারখানার বর্জ্যে নদীর পানি এতটাই দূষিত হয়েছে যে দুর্গন্ধে তীর দিয়ে হেঁটে যাওয়াও দুষ্কর। দূষিত পানিতেই অসচেতন কিছু মানুষ গোসল করছে। এ সময় ঈমানেরকান্দি গ্রামের কামরুল ইসলাম জানান, প্রতিদিনই ব্রহ্মপুত্র নদে মাছ মরে ভেসে উঠছে। বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় গ্রামের দরিদ্র মানুষ দূষিত পানিতে গোসল ও গৃহস্থালির নানা কাজ করছে। এ কারণে অনেকে নানা রোগে আক্রান্ত হচ্ছে।
সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, শিল্পকারখানাগুলোতে তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) থাকার পরও তারা তা ব্যবহার করছে না। এতে কারখানাগুলোর বর্জ্যমিশ্রিত পানি সরাসরি নদীতে পড়ছে। এতে পানি দূষিত হয়ে মাছ মরে যাচ্ছে। তিনি আরও জানান, গত তিন মাসে ওই দূষিত পানি ব্যবহার করে এ এলাকার ৮১ জন মানুষ নানা রোগে আক্রান্ত হয়েছে। তাদের তালিকা প্রশাসনকে দেওয়া হয়েছে। এ ছাড়া পরিবেশের ক্ষতি করার অভিযোগ এনে গত দুই মাসে এলাকাবাসী শিল্পকারখানাগুলোর বিরুদ্ধে তিনবার মানববন্ধন, বিক্ষোভ ও সভা করেছেন। এসব সভায় জনপ্রতিনিধিরা যোগ দেন। এলাকাবাসীদের এত আন্দোলনের পরও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঁইয়া জানান, শিল্পকারখানাগুলোর দূষিত বর্জ্যের বিষয়টি পরিবেশ অধিদপ্তরকে জানানো হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর হোসেন জানান, মেঘনা নদীতে বিষাক্ত বর্জ্য ফেলে পানিদূষণের অভিযোগে গত বৃহস্পতিবার মেঘনাঘাট শিল্পনগরের বসুন্ধরা পেপার মিল ও মাগুরা পেপার মিলকে ৩৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্যান্য কারখানাকেও জরিমানার আওতায় আনা হবে।