শিল্পকারখানার সব ধরনের নির্মাণকাজ বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নানাখী এলাকায় জমি জবরদখল করে কারখানা স্থাপনের কাজ শুরু করা ব্যবসায়ী অমল পোদ্দার কারখানা করার জন্য পরিবেশ অধিদপ্তরের অনুমতি নেননি। জমিতে বালু ভরাট করলেও ভূমির শ্রেণি পরিবর্তনের জন্য অনুমতি নেননি জেলা প্রশাসনের। এ কারণে গতকাল রোববার কারখানার সব ধরনের নির্মাণকাজ বন্ধ করার নির্দেশ দিয়ে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের পঞ্চমীঘাট বাজারের পাশে নানাখী মৌজায় জবরদখল করা জমিতে মেট্রো গার্মেন্টস অ্যান্ড ডাইং নামের একটি কারখানা করছেন অমল পোদ্দার। বালু ফেলে জমি ভরাট করা জায়গায় সীমানাপ্রাচীর নির্মাণের পর দুই মাস ধরে কারখানা নির্মাণের কাজও শুরু করেছেন তিনি।
পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মুজাহিদুল ইসলাম জানান, গত শুক্রবার প্রথম আলোতে সংবাদ প্রকাশিত হওয়ার পর ওই দিন সন্ধ্যায় তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, যেকোনো শিল্পকারখানার প্রকল্প শুরু করার আগে পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত সনদ এবং উৎপাদন শুরু করার আগে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে হয়। ওই কারখানা কর্তৃপক্ষÿইতিমধ্যে নির্মাণকাজ শুরু করে দিলেও পরিবেশ অধিদপ্তরের কাছে কোনো আবেদন করেনি। এ কারণে তাদের বিরুদ্ধে আজ রোববার (গতকাল) নোটিশ দিয়ে সব ধরনের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অবস্থানগত সনদ না নিয়ে প্রকল্পের নির্মাণকাজ শুরু করায় কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তার ব্যাখ্যা চেয়ে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য কারখানার ব্যবস্থাপনা পরিচালক অমল পোদ্দারকে নোটিশ দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা জানান, ‘ভূমির যেকোনো শ্রেণি পরিবর্তন করতে হলে জেলা প্রশাসনের অনুমতি নিতে হয়। ওই কারখানার মালিক নিচু ফসলি জমি বালু দিয়ে ভরাট করে উঁচু করে ভূমির শ্রেণি পরিবর্তন করলেও আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেননি।’
নানাখীর বাসিন্দাদের অভিযোগ, কারখানা করার জন্য অমল পোদ্দার ওই এলাকার ২১ জন বাসিন্দার ৩৪ বিঘা জমি দখল এবং ৩৫ জনকে কিছু টাকা ধরিয়ে দিয়ে জমি নিয়ে এলাকা থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এর প্রতিকার পেতে ওই গ্রামের যুবক আবুল কালাম আজাদ ২ আগস্ট বুকে ‘ন্যায়বিচার চাই’ প্ল্যাকার্ড নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে দাঁড়িয়ে ছিলেন।