শিল্পগুরুকে আজ অন্তিম বিদায় জানানো হবে
শিল্পগুরু সফিউদ্দীন আহমেদকে আজ সকাল আটটায় তাঁর বাসভবনে আনা হবে। ধানমন্ডি ৪ নম্বর সড়কের ২১ নম্বর বাড়িতে (পুরোনো গ্যালারি চিত্রক) এবার যখন তিনি আসবেন, তখন ভোরের আলো আর স্পর্শ করবে না তাঁর দৃষ্টি। তিনি থাকবেন মুদিত নেত্র। আর স্বজন-সুহূদ-সহকর্মী-অনুরাগীরা ব্যথিত চিত্তে, অশ্রুসিক্ত নয়নে তাকাবেন তাঁর নিস্পন্দিত মুখপানে। তাঁকে জানাবেন অন্তিম বিদায়।গত শনিবার রাত ১২টা ২০ মিনিটে সফিউদ্দীন (৯০) রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন অনেক দিন ধরে। অবস্থার অবনতি হলে গত শনিবার তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি স্ত্রী আঞ্জুমান আরা আহমেদ, দুই ছেলে সাঈদ আহমেদ, আহমেদ নাজির, মেয়ে সেলিনা আহমেদসহ দেশ-বিদেশে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের বিভিন্ন অঙ্গনের ব্যক্তিত্বরা শোক প্রকাশ করেছেন। গতকাল রোববার শিল্পগুরুর মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হয়েছিল। আজ ধানমন্ডির বাসভবনে রাখা হবে সকাল ১০টা পর্যন্ত। এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হবে। সম্মিলিত সাংস্কৃতিক জোট এ শ্রদ্ধা নিবেদন পর্বের ব্যবস্থাপনা করবে। দুপুর ১২টা পর্যন্ত থাকবে শহীদ মিনার চত্বরে। এরপর তাঁর হাতে গড়া প্রতিষ্ঠান দীর্ঘকালের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আনা হবে শিক্ষক ও শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদনের জন্য। বাদ জোহর জানাজা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে।শিল্পগুরুর অন্তিম শয্যা কোথায় হবে, গতকাল রাত পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শিল্পীপুত্র শিল্পী আহমেদ নাজির প্রথম আলোকে জানান, ‘বিষয়টি আমরা পারিবারিকভাবে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও অগ্রজ শিল্পীদের ওপরই ছেড়ে দিয়েছি। তাঁরা সবাই মিলে যে সিদ্ধান্ত নেবেন, আমরা তা মেনে নেব।’ রাতে বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী প্রথম আলোকে জানান, দাফনের স্থান চূড়ান্ত হয়নি। শিল্পগুরুর মর্যাদা ও দেশের শিল্প আন্দোলনে তাঁর অবদানের সঙ্গে সংগতিপূর্ণ হয়—এমন একটি স্থান নির্বাচনের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’দেশের জ্যেষ্ঠ ও নবীন শিল্পী ও শুভানুধ্যায়ীরা শিল্পগুরুর বাসভবনে গিয়ে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তাঁদের মধ্যে ছিলেন শিল্পী কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, মনিরুল ইসলাম, আবুল বারক আলভী, সুবীর চৌধুরী, মনিরুজ্জামানসহ অনেকে।শোকবাণী: শিল্পগুরুর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। তাঁরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।