শিল্পনীতি রূপকল্প ২০২১ বাস্তবায়নে সহায়তা করবে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেছেন, ‘জাতীয় শিল্পনীতি-২০১০’ রূপকল্প (ভিশন)-২০২১ বাস্তবায়নে সহায়তা করবে। গতকাল বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া জাতীয় শিল্পনীতি ২০১০ হস্তান্তর করার সময় তিনি এ কথা বলেন। বাসস।এ সময় দিলীপ বড়ুয়া শিল্পনীতির বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে শিল্পসমৃদ্ধ মধ্যম আয়ের ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলাই এ শিল্পনীতির লক্ষ্য। তিনি বলেন, জাতীয় শিল্পনীতিতে বেশিসংখ্যক নারী শিল্পোদ্যোক্তা সৃষ্টি এবং সুষ্ঠু শিল্পায়নে নারী শিল্পোদ্যোক্তাদের অংশগ্রহণের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে। এছাড়া দেশীয়, প্রবাসী বাংলাদেশি ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে দেওয়া সব সুযোগ-সুবিধা ও প্রণোদনা জাতীয় শিল্পনীতিতে সন্নিবেশিত হয়েছে।এ শিল্পনীতি প্রণয়ন করায় শিল্পমন্ত্রীকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। এ সময় রাষ্ট্রপতির সচিব মোহাম্মদ শফিউল আলম, শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল আবুল কালাম এম হুমায়ুন কবির এবং রাষ্ট্রপতির প্রেসসচিব এ কে এম নেছার উদ্দিন ভূঞা উপস্থিত ছিলেন।