শিল্পপতি রাগীবের দখল থেকে দেবোত্তর সম্পত্তি উদ্ধারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে শিল্পপতি রাগীব আলীর দখল থেকে দেবোত্তর সম্পত্তি উদ্ধার ও তাঁর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান আদিবাসী পার্টি। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মিঠুন চৌধুরী প্রশ্ন তুলে বলেন, রাগীব আলী মুসলিম। তিনি কীভাবে দেবোত্তর সম্পত্তির সেবায়েত হন। রায়ের কথা উল্লেখ করে মিঠুন চৌধুরী বলেন, ‘এই রায় দ্রুত বাস্তবায়নের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করা হোক।’ মানববন্ধনের প্রধান অতিথি ওই সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য হীরেন্দ্রনাথ বিশ্বাস বলেন, রাগীব আলী মানুষের সম্পত্তি আগ্রাসন করে শিল্পপতি হয়েছেন। অবিলম্বে তাঁর দ্বারা বেহাত হওয়া সম্পত্তি দ্রুত পুনরুদ্ধারের ব্যবস্থা করা হোক।
এদিকে সিলেটের তারাপুর চা-বাগানে অবৈধভাবে রাগীব আলীর প্রতিষ্ঠা করা মেডিকেল কলেজ, হাসপাতালসহ যাবতীয় আবাসিক স্থাপনা অপসারণের কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের কপি সম্প্রতি সিলেটে পৌঁছালে রাগীব আলীর ছেলে আবদুল হাইকে গত বৃহস্পতিবার নোটিশ করা হয়েছে।