শিল্পপতির বাড়িতে ডাকাতি পুলিশের দাবি ‘নাশকতা’
ফরিদপুর শহরতলির ব্রাহ্মণকান্দা এলাকার এক বাড়িতে ডাকাতির ঘটনায় এ পর্যন্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫৯ হাজার ৫০০ টাকা। বাংলাদেশ পূজা উদ্যাপন কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইউরো-বাংলা ট্রেডিং ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শ্যামল ব্যানার্জির ওই বাড়িতে ৫ সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টার দিকে ডাকাতি হয়।শ্যামল ব্যানার্জির ভাতিজা মৃত্যুঞ্জয় ব্যানার্জি জানান, রাত দেড়টার দিকে ২০-২৫ জনের ডাকাত দল দরজা ভেঙে ঘরে ঢোকে। ডাকাতেরা তাঁর ছোট চাচা সুশীল ব্যানার্জিকে মারধর করে এবং বড় চাচি দিপালী ব্যানার্জিকে বেঁধে ফেলে। এরপর প্রায় দেড় ঘণ্টা ধরে বাড়ির সব ঘরের আলমারি ও লকার ভেঙে নগদ প্রায় এক লাখ টাকা, ২৫ ভরি ওজনের স্বর্ণালংকার, আটটি মুঠোফোন সেটসহ প্রায় ১১ লাখ টাকার মালামাল নিয়ে যায়।শ্যামল ব্যানার্জির ভাই সুনীল ব্যানার্জি বাদী হয়ে অজ্ঞাতনামা ২৫ ব্যক্তিকে আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে সাত্তার মিয়া (২৫) নামের এক ব্যক্তিকে ৬ সেপ্টেম্বর সকালে শহরের গোয়ালচামট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি মধুখালী উপজেলায়। তাঁর কাছ থেকে ৫৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। ধারণা করছি, এটি একটি নাশকতামূলক ঘটনা।’