সিরাজগঞ্জে দুই বছর আগে জমি অধিগ্রহণ হলেও সুরক্ষা বাঁধ নির্মাণ শুরুই হয়নি
শিল্পপার্ক প্রকল্প বাস্তবায়ন অনিশ্চিত
প্রধানমন্ত্রীর ভিত্তিপ্রস্তর স্থাপনের ১৩ বছর এবং জমি অধিগ্রহণের দুই বছর পার হলেও সিরাজগঞ্জে শিল্পপার্ক প্রকল্প বাস্তবায়ন এখন অনিশ্চিত হয়ে পড়েছে। প্রকল্প এলাকায় যমুনা নদীতে সুরক্ষা বাঁধ নির্মাণ না করা এবং ক্রসবাঁধের নির্মাণকাজ সম্পন্ন না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
এদিকে চলতি জুন মাসে প্রকল্পটির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।
এ বিষয়ে শিল্পপার্কের দায়িত্বে নিয়োজিত প্রকল্প পরিচালক আমিনুল ইসলাম বলেন, ‘শিল্পপার্কটি যমুনার তীরে অবস্থিত। প্রকল্প এলাকাটি নদীভাঙন থেকে রক্ষা করতে অধিকতর সুরক্ষা বাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) দায়িত্ব পালন করছে। এই বাঁধ নির্মাণ না করা পর্যন্ত মাটি ভরাটসহ কোনো কাজই করা সম্ভব হবে না। এখনো এই প্রকল্পের আওতাধীন বিভিন্ন ভবন, সীমানাপ্রাচীর, বিদ্যুৎ, গ্যাস, সড়ক, নালা, কালভার্ট, পানির প্ল্যান্টসহ অনেক কাজ বাকি রয়েছে। মাটি ভরাটের কাজ শেষ হলে এই কাজগুলো করা সম্ভব হবে। প্রকল্পের মেয়াদ শেষ হতে চললেও এটির মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করা হবে। তবে আশা করছি, পাউবো সুরক্ষা বাঁধের কাজ শুরু করলে একই সঙ্গে মাটি ভরাটের কাজ শুরু করা হবে।’
জেলা প্রশাসন, শিল্পপার্ক কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সিরাজগঞ্জের যমুনা নদীর পশ্চিম পাড়ে বঙ্গবন্ধু সেতুর উত্তর-পশ্চিম পাশে শিল্পপার্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। ১৯৯৮ সালের ২৩ জুন বঙ্গবন্ধু সেতু উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিল্পপার্কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এরপর রাজনৈতিক পটপরিবর্তনের ফলে প্রকল্পের কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসার পর প্রকল্পটি বাস্তবায়নের কাজ হাতে নেয়। ২০১৩ সালে প্রকল্প এলাকায় ৪০০ একর জমি অধিগ্রহণ করা হয়। একই সঙ্গে জমির মূল্য বাবদ ৯৫ কোটি টাকা এবং জমির ক্ষতিপূরণ বাবদ ২ কোটি ৫১ লাখ টাকাসহ আনুষঙ্গিক খরচ মোট ৯৭ কোটি ৭৯ লাখ টাকা পরিশোধ করা হয়।
অধিগ্রহণ করা এলাকায় মাটি ভরাট করার আগে দুটি ক্রসবাঁধ ও একটি সুরক্ষা বাঁধ নির্মাণ করার জন্য ওই বছরের ৩১ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তমন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী পানিসম্পদ মন্ত্রণালয়ের কাছে লিখিত মতামত সংগ্রহ করার জন্য বলা হয়। মন্ত্রণালয় পাউবোর প্রধান প্রকৌশলী (রাজশাহী) আবদুর রব মিয়াকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি কারিগরি কমিটি গঠন করে। এই কমিটি শিল্পপার্কের ভৌত কাজ শুরু করার আগে শিল্পপার্ক ও বঙ্গবন্ধু সেতু এলাকা নদীভাঙন থেকে অধিকতর সুরক্ষা কার্যক্রম (বাঁধ নির্মাণ) বাস্তবায়ন-সংক্রান্ত একটি কারিগরি প্রতিবেদন গত বছরের ১১ ফেব্রুয়ারি দাখিল করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, যমুনা নদীতে ক্রসবাঁধের নির্মাণকাজ সম্পন্ন করতে দুই বছর সময় লাগবে। এ ছাড়া নদীভাঙনের হাত থেকে শহর রক্ষা করার জন্য নির্মিত হার্ড পয়েন্ট কয়েক দফা ভেঙে যাওয়ার আশঙ্কা থাকায় নদীর তীর সংরক্ষণকাজ বাস্তবায়ন করা প্রয়োজন। এ জন্য অধিকতর সুরক্ষা বাঁধ নির্মাণ করা প্রয়োজন।
এ বিষয়ে সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম বলেন, গত মাসে পাউবোর উচ্চপর্যায়ের একটি দল সরেজমিনে পরীক্ষা-নিরীক্ষা করে গেছে। নকশা পরিবর্তন করে আগের প্রস্তাব করা ৬ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ সুরক্ষা বাঁধের স্থলে কিছুটা কমে আসবে। এ কারণে বরাদ্দও কম হবে। বিষয়টি প্রস্তাব আকারে আবার পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হবে। একনেকের বৈঠকে অনুমোদন হওয়ার পর বরাদ্দ সাপেক্ষে দরপত্র আহ্বান করে সুরক্ষা বাঁধের কাজ শুরু হবে। বর্তমানে ৩ ও ৪ নম্বর ক্রসবাঁধের নির্মাণকাজ চলছে।
সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক জহুরুল হক বলেন, সুরক্ষা বাঁধ নির্মাণ শুরুর পর সম্পন্ন করতে প্রায় দুই বছর সময় লাগবে। এ ছাড়া মাটি ভরাট করতেও লাগবে প্রায় দুই বছর। এখন পর্যন্ত উচ্চপর্যায় থেকে অনুমোদনই হয়নি। প্রকল্পের মেয়াদ জুন মাসে শেষ হওয়ায় বরাদ্দ অর্থ ফেরত যাচ্ছে। বর্তমানে সিরাজগঞ্জবাসী এই শিল্পপার্কের বাস্তবায়ন নিয়ে হতাশ হয়ে পড়েছেন।
সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন বলেন, শিল্পপার্কের জায়গা অধিগ্রহণ করার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। বাকি কাজগুলো তাঁরাই সম্পাদন করবেন। জেলা প্রশাসনের কোনো সহযোগিতা লাগলে প্রশাসন এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবে।