শিল্পপার্কবিরোধী সমাবেশ বিক্ষোভ গোপালগঞ্জে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানিয়ারচরে শিল্পপার্কবিরোধী সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। গত বুধবার বিকেলে এ কর্মসূচিতে ছয় শ মানুষ অংশ নেন।
‘জনতা ঐক্য পরিষদ’-এর ব্যানারে জমি দখল, অবৈধ বালু ভরাট, নদীভাঙন, সরকারি গাছ কাটা, ভূমিহীনদের উচ্ছেদ, জীবননাশের হুমকি ও কৃষিজমিতে সাসকো শিল্পপার্ক নির্মাণ বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
আয়োজক ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বুধবার বিকেল চারটার দিকে বানিয়ারচর বাসস্ট্যান্ডে এ সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলার জলিলপাড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অখিল চন্দ্র বাড়ৈ। ‘আতিয়ার রহমানের সাসকো, কৃষক মারার বাক্স’ মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা শিল্পকারখানা চাই। কিন্তু জনগণের ক্ষতি করে কোনো শিল্পকারখানা এখানে হতে দেওয়া হবে না। সাসকো শিল্পপার্ক নির্মাণের নামে এই এলাকার বিভিন্ন ফসলি জমিতে বালু ফেলায় কৃষকেরা চাষাবাদ করতে পারছেন না। এলাকার উর্বর কৃষিজমিতে এ শিল্পপার্ক নির্মাণ করা হলে এলাকার কৃষকেরা মারা যাবেন।’
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সদস্য বিপ্লব মজুমদার, জলিলপাড় ইউপির সাবেক চেয়ারম্যান দীপক বাড়ৈ, ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অনীল মণ্ডল, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোপাল বালা প্রমুখ।