শিল্পপ্রতিষ্ঠান ও হোটেলকে ১১ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ছাড়পত্র না থাকা ও দূষণের অপরাধে চারটি শিল্পপ্রতিষ্ঠানকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। ভোক্তাদের খাবারের সঙ্গে সরবরাহ করা পানিতে মানবদেহের জন্য ক্ষতিকারক কলিফর্ম জীবাণু পাওয়ায় তিনটি হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর পরিবেশ আইন লঙ্ঘনকারী ওই সাতটি প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিকে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে তলব করেন। তাঁরা দূষণের কথা স্বীকার করায় তাঁদের মোট ১১ লাখ টাকা জরিমানা করেন। দূষণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ত্রুটিপূর্ণ তরল বর্জ্য শোধনাগার পরিচালনা করে পরিবেশদূষণের অপরাধে গাজীপুরের টঙ্গী বিসিক শিল্প নগরীর আটলান্টিক ইন্ডাস্ট্রিকে এক লাখ টাকা, ঝুমকা টেক্সটাইলকে দুই লাখ, বায়োফার্মা লিমিটেডকে আড়াই লাখ এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ও ইটিপি বন্ধ রেখে কারখানার উৎপাদন কার্যক্রম পরিচালনা করায় কোনাবাড়ীতে অবস্থিত লাইফ টেক্সটাইলকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তরের গবেষণাগারে মোহাম্মদপুরে অবস্থিত তিনটি হোটেলের খাবার পানির সংগৃহীত নমুনা পরীক্ষা করে  তাতে অগ্রহণযোগ্য মাত্রার মানবদেহের জন্য ক্ষতিকর কলিফর্ম জীবাণু পাওয়ায় পাওয়া যায়। এই অপরাধে টাঙ্গাইল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার, সিটিপার্ক চায়নিজ অ্যান্ড থাই রেস্টুরেন্টকে ২০ হাজার ও আক্তার হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। শুনানিতে অভিযুক্ত প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত মালিক ও প্রতিনিধিরা তাঁদের অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।